ইরানে নতুন করে হামলা চালানো হলে তার জবাব আরো দীর্ঘস্থায়ী ও কঠোর হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাঘি। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাইলেই যুদ্ধের অবসান ঘটাতে পারবেন না। এর মেয়াদও নির্ধারণ করতে পারবেন না।
ইরানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, দেশটির ওপর যেকোনো হামলার জবাব দেওয়া হবে ‘সমানুপাতিক, সিদ্ধান্তমূলক ও কার্যকরভাবে’। যারা ইরানকে হুমকি দিচ্ছে, তারা দেশটির আত্মরক্ষামূলক পদক্ষেপের পরিধি, সময় কিংবা পরিণতি নির্ধারণ করতে পারবে না বলেও সতর্ক করেন তিনি।
এর আগে ইরানের কর্মকর্তারা একাধিকবার সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের সংঘাতের চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে। যুদ্ধ কত দিন চলবে, সে সিদ্ধান্ত ওয়াশিংটন নিতে পারবে না বলেও মন্তব্য করেছেন তারা।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে হামলা শুরু করলে প্রায় ৪০ দিন ধরে তীব্র সামরিক সংঘাত চলে। এপ্রিল মাসে লড়াইয়ের তীব্রতা কমে এলেও এরপর দুই পক্ষের মধ্যে বিচ্ছিন্ন পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে।
সূত্র: আলজাজিরা
এমএমআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


