যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন আজ, ভাগ্যপরীক্ষায় ট্রাম্প

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন আজ, ভাগ্যপরীক্ষায় ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হচ্ছে মধ্যবর্তী নির্বাচন। এ নির্বাচনে কংগ্রেসের দুই কক্ষের শত শত সদস্য নির্বাচিত করবেন ভোটাররা। নির্বাচনি প্রচারে হস্তক্ষেপের হুমকি ও দলীয় কোন্দল নিয়ে ইতোমধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। এবারের নির্বাচনের ফলকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনামলের ওপর গণভোট হিসেবে দেখা হচ্ছে। একই সঙ্গে কংগ্রেসে কোন দল নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে, তার ওপর নির্ভর করছে ট্রাম্প তার মেয়াদের শেষ দুই বছরে কতটা ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। এ নির্বাচনের ফল ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনেও প্রভাব ফেলতে পারে।

বিজ্ঞাপন

মধ্যবর্তী নির্বাচন কী, কেন গুরুত্বপূর্ণ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের চার বছর মেয়াদের মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত হয় মধ্যবর্তী নির্বাচন। এ নির্বাচনে কংগ্রেসের প্রতিনিধি নির্বাচন করেন ভোটাররা। কংগ্রেসের দুটি কক্ষ—প্রতিনিধি পরিষদ ও সিনেট।

প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের সব কটিতে এবং সিনেটের ১০০টি আসনের মধ্যে ৩৫টিতে নির্বাচন হচ্ছে। এ ছাড়া যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের মধ্যে ৩৬টিতে চার বছরের মেয়াদে নতুন গভর্নর নির্বাচন করবেন ভোটাররা।

বর্তমানে রিপাবলিকান পার্টি, যা গ্র্যান্ড ওল্ড পার্টি (জিওপি) নামেও পরিচিত, প্রতিনিধি পরিষদ ও সিনেট—দুই কক্ষেই অল্প ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছে। ফলে এবারের নির্বাচনে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।

মধ্যবর্তী নির্বাচনের একটি প্রচলিত প্রবণতা হলো, ক্ষমতাসীন প্রেসিডেন্টের দল সাধারণত এ নির্বাচনে আসন হারায়। অন্যদিকে বিরোধী দল আসন বাড়ানোর সুযোগ পায়। সে হিসাবে ডেমোক্র্যাটদের সামনে কংগ্রেসে নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার সুযোগ তৈরি হয়েছে।

নির্বাচনের ফল নির্ধারণ করবে কংগ্রেসের নিয়ন্ত্রণ কোন দলের হাতে থাকবে। কংগ্রেসে পাস হওয়া কেন্দ্রীয় আইন যুক্তরাষ্ট্রের কোটি কোটি মানুষের জীবনকে প্রভাবিত করে।

ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ নিতে পারলে ট্রাম্পের জন্য আগামী দুই বছর কঠিন হয়ে উঠবে। তার বিভিন্ন নীতি ও পরিকল্পনা বাস্তবায়নে বাধা তৈরি করতে পারবেন বিরোধীরা।

প্রতিনিধি পরিষদ ও সিনেটে কত আসন প্রয়োজন ডেমোক্র্যাটদের

প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের সব কটিতে নির্বাচন হচ্ছে। তবে এর মধ্যে মাত্র ৪০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা তীব্র হতে পারে বলে মনে করা হচ্ছে।

প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ নিতে ডেমোক্র্যাটদের বর্তমান অবস্থান থেকে নিট তিনটি আসন বাড়াতে হবে। ফলে অল্প কয়েকটি আসনের ফলই নির্ধারণ করে দিতে পারে, কোন দল এই কক্ষের নিয়ন্ত্রণ পাবে।

সিনেটের হিসাব অবশ্য ভিন্ন। ১০০ সদস্যের এই কক্ষে এবার ৩৫টি আসনে নির্বাচন হচ্ছে। এর মধ্যে প্রায় ১২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। বাকি আসনগুলোর বেশির ভাগই রিপাবলিকান অথবা ডেমোক্র্যাটদের শক্ত ঘাঁটিতে।

বর্তমানে সিনেটে রিপাবলিকানদের আসন ৫৩টি। ডেমোক্র্যাট ও স্বতন্ত্র সদস্যদের সম্মিলিত আসন ৪৭টি।

সিনেটের নিয়ন্ত্রণ নিতে ডেমোক্র্যাটদের চারটি আসন বাড়িয়ে ৫১-তে পৌঁছাতে হবে। অন্যদিকে রিপাবলিকানরা সর্বোচ্চ তিনটি আসন হারিয়েও সিনেটের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারবেন। কারণ, সিনেটে দুই দলের আসন সমান ৫০-৫০ হলে ভোটের অচলাবস্থা নিরসনে ভোট দিতে পারেন ভাইস প্রেসিডেন্ট। বর্তমানে এ দায়িত্বে রয়েছেন রিপাবলিকান জেডি ভ্যান্স।

এ কারণে প্রতিনিধি পরিষদের তুলনায় সিনেটের নিয়ন্ত্রণ নেওয়া ডেমোক্র্যাটদের জন্য কঠিন বলে মনে করা হচ্ছে।

প্রতিনিধি পরিষদ পুনর্দখল করতে পারবেন ডেমোক্র্যাটরা?

বিশ্লেষক ও নির্বাচনি পূর্বাভাস দেওয়া বাজারগুলোর ধারণা, প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ পেতে পারেন ডেমোক্র্যাটরা।

এটি হলে ট্রাম্পের রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন কঠিন হয়ে পড়বে। একই সঙ্গে তার প্রশাসনের ওপর নজরদারি বাড়াতে পারবেন ডেমোক্র্যাটরা। এ ক্ষেত্রে তদন্ত, সমন জারি এবং কংগ্রেসের শুনানির সংখ্যা বাড়তে পারে।

মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা শক্ত অবস্থানে গেলে ট্রাম্পকে আবার অভিশংসনের উদ্যোগের মুখেও পড়তে হতে পারে।

আগের নির্বাচনের পর কী পরিবর্তন হয়েছে

গত নির্বাচনের পর যুক্তরাষ্ট্রে বেশ কিছু পরিবর্তন এসেছে। এর মধ্যে অন্যতম হলো কংগ্রেসের আসন নির্ধারণে ব্যবহৃত নির্বাচনি এলাকার মানচিত্র পুনর্নির্ধারণ।

১০টি অঙ্গরাজ্যে কংগ্রেসের নির্বাচনি এলাকার সীমানা নতুন করে নির্ধারণ করা হয়েছে। এ প্রক্রিয়াকে বলা হয় ‘রিডিস্ট্রিক্টিং’।

সাধারণত প্রতি ১০ বছর পর নির্বাচনি এলাকার সীমানা পুনর্নির্ধারণ করা হয়। তবে রিপাবলিকানদের সুবিধা দিতে টেক্সাসে নতুন মানচিত্র তৈরি করা হলে অন্য অঙ্গরাজ্যগুলোতেও এর প্রভাব পড়ে। এতে রাজনৈতিক প্রতিনিধিত্ব ও ভোটের ক্ষমতা নিয়ে বিভিন্ন অঙ্গরাজ্যে বিরোধ শুরু হয়।

কুক পলিটিক্যাল রিপোর্টের হিসাব অনুযায়ী, এসব নির্বাচনি এলাকার সীমানা পুনর্নির্ধারণের লড়াইয়ে রিপাবলিকানরা নিট পাঁচটি অতিরিক্ত আসনের সুবিধা পেয়েছেন। ফলে ভোট গ্রহণের আগেই দলটি কিছুটা সুবিধাজনক অবস্থানে রয়েছে।

এ ছাড়া ফেডারেল আদালত ও সুপ্রিম কোর্টের বেশ কিছু গুরুত্বপূর্ণ রায় এসেছে। ভোটাধিকার নিয়ে কাজ করা ব্যক্তিদের দাবি, এসব রায়ের ফলে ভোটাধিকার আইন দুর্বল হয়েছে। জাতিগত বৈষম্য থেকে ভোটারদের সুরক্ষা দিতে ঐতিহাসিকভাবে এ আইন প্রণয়ন করা হয়েছিল।

ভোটের নিয়মও এবারের নির্বাচনে বড় বিতর্কের বিষয় হয়ে উঠেছে। বিশেষ করে ভোটারদের যোগ্যতা এবং ডাকযোগে ব্যালট পাঠানোর সুযোগ নিয়ে বিতর্ক চলছে।

মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভূমিকা কী

মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট নির্বাচিত হন না। ট্রাম্পের নামও ব্যালটে থাকছে না। তবে এবারের নির্বাচনে তাকেই কেন্দ্র করে প্রচারের বড় অংশ আবর্তিত হচ্ছে।

জাতীয় জনমত জরিপে ট্রাম্পের জনপ্রিয়তা রেকর্ড পরিমাণ কম থাকলেও রিপাবলিকানদের জন্য নিজেকে সবচেয়ে বড় নির্বাচনি সম্পদ হিসেবে তুলে ধরছেন তিনি।

ট্রাম্প ও তার উপদেষ্টাদের দাবি, তার পক্ষের ‘মাগা’ সমর্থকদের সক্রিয় করতে পারেন একমাত্র তিনিই। এর মাধ্যমে ঐতিহাসিকভাবে কম ভোটার উপস্থিতির এই নির্বাচনে রিপাবলিকানদের বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব।

সেপ্টেম্বরের শুরুতে প্রথমবারের মতো রিপাবলিকানদের মধ্যবর্তী নির্বাচনবিষয়ক সম্মেলনে প্রধান বক্তা ছিলেন ট্রাম্প। ‘ট্রাম্প-এ-পালুজা’ নাম দেওয়া ওই সম্মেলনের মাধ্যমে দলের নির্বাচনী প্রচারের কেন্দ্রবিন্দুতে চলে আসেন তিনি।

ভোটারদের উদ্দেশে ট্রাম্পের বার্তা হলো, ব্যালটে তার নাম না থাকলেও তার প্রশাসন, রাজনৈতিক উত্তরাধিকার ও কর্মসূচির ভবিষ্যৎ এই নির্বাচনের ওপর নির্ভর করছে।

দেশজুড়ে কংগ্রেসের অধিকাংশ আসনের নির্বাচনেও প্রভাব বিস্তার করছেন ট্রাম্প। নিজের পছন্দের প্রার্থীদের পক্ষে প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন তিনি। এসব সমর্থন সামগ্রিকভাবে প্রার্থীদের জন্য প্রভাবশালী হয়ে উঠেছে।

অন্যদিকে ডেমোক্র্যাটদের কাছে ট্রাম্প ও তার নীতিই নির্বাচনি প্রচারের প্রধান লক্ষ্য। তারা এবারের নির্বাচনকে ট্রাম্পের ক্ষমতা নিয়ন্ত্রণ এবং তার রাজনৈতিক কর্মসূচির বিরুদ্ধে অবস্থান নেওয়ার সুযোগ হিসেবে তুলে ধরছেন।

২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে কী প্রভাব পড়তে পারে

মধ্যবর্তী নির্বাচনের ফল ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ডেমোক্র্যাটরা বড় জয় পেলে ২০২৮ সালের নির্বাচনের আগে দলটি বাড়তি গতি পাবে। একই সঙ্গে রিপাবলিকানদের বিরুদ্ধে রাজনৈতিক অবস্থান আরো শক্তিশালী করার সুযোগ তৈরি হবে।

অন্যদিকে রিপাবলিকানরা প্রতিনিধি পরিষদ ও সিনেট—দুই কক্ষের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলে ট্রাম্পের প্রশাসন তার রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নে আরো শক্তিশালী হবে। এতে ২০২৮ সালের নির্বাচনের আগে দলটি সুবিধাজনক অবস্থানে যেতে পারে।

যে দলই জয়ী হোক, মধ্যবর্তী নির্বাচনের ফল ভোটারদের মনোভাব সম্পর্কে আগাম ধারণা দেবে। একই সঙ্গে ২০২৮ সালের নির্বাচনে কোন ইস্যু ও প্রার্থীরা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেন, সে বিষয়েও ইঙ্গিত পাওয়া যাবে।

এ ছাড়া গভর্নর নির্বাচনের ফলও গুরুত্বের সঙ্গে দেখা হবে। দুই দলের সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থীদের মধ্যে যারা গভর্নর পদে লড়ছেন, মধ্যবর্তী নির্বাচনে ভালো ফল তাদের জাতীয় পরিচিতি বাড়িয়ে দিতে পারে।

সূত্র: এবিসি নিউজ

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...