ছড়িয়ে পড়ছে ক্যালিফোর্নিয়ার দাবানল, ৬ হাজার বাড়ি খালি করার নির্দেশ

ছড়িয়ে পড়ছে ক্যালিফোর্নিয়ার দাবানল, ৬ হাজার বাড়ি খালি করার নির্দেশ
১৬ অক্টোবর ক্যালিফোর্নিয়ার স্যান হুয়ান ক্যাপিস্ট্রানোতে একজন দমকলকর্মী ‘নর্তে’ আগুনে পানি দিচ্ছেন। ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টিতে দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে উপকূলীয় এলাকার একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনের বিস্তার ঠেকাতে এবং বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় ৬ হাজার বাড়ি খালি করার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

শুক্রবার সন্ধ্যা পর্যন্ত সান হুয়ান ক্যাপিস্ট্রানো এলাকায় অন্তত ছয়টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বা পুড়ে ধ্বংস হয়েছে।

অরেঞ্জ কাউন্টি ফায়ার অথরিটির তথ্য অনুযায়ী, নর্তে নামের এ দাবানলে প্রায় ১৮৮ হেক্টর (৪৬৫ একর) এলাকা পুড়ে গেছে। তবে ক্যালিফোর্নিয়ার অগ্নিনির্বাপণ সংস্থা ক্যাল ফায়ার শুক্রবার সন্ধ্যায় আগুনে পুড়ে যাওয়া এলাকার পরিমাণ প্রায় ২৩১ হেক্টর (৫৭০ একর) বলে জানিয়েছে।

ফায়ার অথরিটি জানায়, দমকলকর্মীরা স্থল ও আকাশপথে জোরালোভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। একই সঙ্গে মানুষকে ওই এলাকা থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, মৌসুমের তুলনায় বেশি তাপমাত্রা ও বাতাসে আর্দ্রতা কম থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে।

শুক্রবার উপকূলীয় শহর সান ক্লেমেন্তে থেকে দাবানলটির সূত্রপাত হয়। পরে আগুন পাশের সান হুয়ান ক্যাপিস্ট্রানো শহরের দিকে ছড়িয়ে পড়ে। শুক্রবার সন্ধ্যা নাগাদ দুই শহরের প্রায় ৬ হাজার বাড়ি এবং ১৬ হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। দুই শহরেই আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। আগুন নেভাতে হেলিকপ্টারও ব্যবহার করা হচ্ছে।

উষ্ণ বাতাসে বাড়ছে আগুনের ঝুঁকি

দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছড়িয়ে পড়া কয়েকটি দাবানলের পেছনে সান্তা আনা বাতাসের ভূমিকা রয়েছে। যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অভ্যন্তরীণ এলাকা থেকে ক্যালিফোর্নিয়ার উপকূলের দিকে প্রবাহিত এ বাতাস উষ্ণ ও প্রবল বেগের।

ওয়েদার চ্যানেলের তথ্য অনুযায়ী, সাধারণত শরৎকালে সান্তা আনা বাতাস প্রবাহিত হয়। দীর্ঘ সময় বৃষ্টি না হওয়ায় এ সময় দক্ষিণ ক্যালিফোর্নিয়ার গাছপালা ও ঝোপঝাড় সবচেয়ে বেশি শুষ্ক থাকে। ফলে দাবানল ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়ে।

পূর্বাভাসদাতারা জানিয়েছেন, উপকূলীয় এলাকায় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৫৫ থেকে ৯০ কিলোমিটার (৩৫ থেকে ৫৫ মাইল) পর্যন্ত উঠেছিল। শুক্রবার বাতাসের গতিবেগ সবচেয়ে বেশি থাকার আশঙ্কা ছিল। তবে আগুনের বিস্তার বাড়িয়ে দিতে পারে এমন উচ্চ তাপমাত্রা ও কম আর্দ্রতার পরিস্থিতি শনিবার রাত পর্যন্ত অব্যাহত থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে।

প্রবল বাতাসে বিদ্যুতের তার থেকে স্ফুলিঙ্গ ছড়িয়ে দাবানল আরো বাড়তে পারে—এমন আশঙ্কায় কর্তৃপক্ষ বিদ্যুৎজনিত ঝুঁকি কমানোর চেষ্টা করছে। এ কারণে লস অ্যাঞ্জেলেস কাউন্টির কয়েক হাজার মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় পড়েছেন।

আরো দুটি দাবানল নিয়ন্ত্রণে লড়াই

ক্যালিফোর্নিয়ায় দমকলকর্মীরা আরো দুটি দাবানল নিয়ন্ত্রণে কাজ করছেন। এর একটি ব্রাইসন ফায়ার। বৃহস্পতিবার লস অ্যাঞ্জেলেস কাউন্টির মালিবু সমুদ্রসৈকত এলাকার উপকণ্ঠে আগুনটির সূত্রপাত হয়।

ক্যাল ফায়ারের তথ্য অনুযায়ী, শুক্রবার পর্যন্ত এতে প্রায় ৫৯ হেক্টর (১৪৭ একর) এলাকা পুড়েছে। আগুনের ১৭ শতাংশ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

অন্যদিকে, সান দিয়েগো কাউন্টিতে হেন্ডারসন ফায়ারে শুক্রবার পর্যন্ত প্রায় ৮৪২ হেক্টর (২ হাজার ৮০ একর) এলাকা পুড়ে গেছে। আগুনের ২০ শতাংশ নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ক্যাল ফায়ার। এ দাবানলে মেরিন কোরের ক্যাম্প পেন্ডলটন ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কয়েকটি মহাসড়ক বন্ধ করে দেওয়া হয়েছে।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন