ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন, তেহরানে বিমান হামলা আগামী দিনগুলোতে আরো বাড়ানো হবে। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে অভিযানে ইসরাইলি বাহিনী এখনো ’পূর্ণ শক্তি’ প্রয়োগ করেনি। খবর আলজাজিরা।
এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, ‘আমি অভিযানের ধারাবাহিকতা বজায় রাখার নির্দেশ দিয়েছি… আমাদের বাহিনী এখন তেহরানের কেন্দ্রে প্রবল শক্তি দিয়ে আঘাত হানছে, এবং আগামী দিনগুলোতে তা আরও তীব্র হবে।’
তিনি ইরানের হামলায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, দেশটি বর্তমানে বেদনাদায়ক সময় পার করছে।
রোববার ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বেইত শেমেশ শহরে অন্তত নয়জন নিহত হন। যুদ্ধ শুরুর পর এটিই দেশটিতে সবচেয়ে প্রাণঘাতী হামলা।
নেতানিয়াহু বলেন, ‘গতকাল তেল আবিবে, আর এখন বেইত শেমেশে আমরা প্রিয় মানুষদের হারিয়েছি। নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা, এবং ইসরাইলের নাগরিকদের পক্ষ থেকে আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

