সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় গুলি, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

আমার দেশ অনলাইন

সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় গুলি, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

হোয়াইট হাউজের সাংবাদিকদের জন্য যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ওয়াশিংটন হিল্টন হোটেলে আয়োজন করা হয়েছিল নৈশভোজের। সেই হোটেলের লবিতে এসে গুলি ছোড়ে এক বন্দুকধারী। এ ঘটনার পর দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরিয়ে নিয়েছেন তার গোয়েন্দা সদস্যরা।

এ সময় উপস্থিত অনেক অতিথি আতঙ্কে টেবিলের নিচে আশ্রয় নেন। ট্রাম্পকে সরিয়ে নেওয়ার পরও তারা কিছুক্ষণ ভেতরেই অবস্থান করেন।

বিজ্ঞাপন

স্থানীয় সময় শনিবার (২৫ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে।

ওই অনুষ্ঠান থেকে প্রচারিত টিভি ফুটেজে দেখা গেছে, ট্রাম্প খাবার টেবিলে বসে আছেন। ওই সময় হোটেলটির বাঙ্কেট হলে বিকট শব্দ শোনা যায়। এর কিছুক্ষণের মধ্যেই ট্রাম্পকে ঘিরে ফেলেন তার নিরাপত্তা বাহিনী।

প্রেসিডেন্টের শীর্ষ উপদেষ্টা টিফেন মিলারকেও ভিড়ের মধ্য থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। পাশাপাশি প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও নিরাপত্তা কর্মীরা দ্রুত বের করে নিয়ে যান।

কিছুক্ষণ পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে অতিথিরা টেবিলের নিচ থেকে বেরিয়ে এসে চারপাশের অবস্থা পর্যবেক্ষণ করতে শুরু করেন। নিরাপত্তাজনিত এই ঘটনার কারণে অনুষ্ঠানটি সাময়িকভাবে বিঘ্নিত হয় এবং বলরুমে ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি হয়।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন প্রেসিডেন্ট হিসেবে এই নৈশভোজে এটিই ছিল ট্রাম্পের প্রথম অংশগ্রহণ, এবং সাম্প্রতিক সময়ে এ ধরনের নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা বিরল বলেই মনে করা হচ্ছে।

সূত্র: বিবিসি

এমপি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন