মিরসরাইয়ে ঝর্ণায় পা পিছলে হাসপাতালে কলেজছাত্র

মিরসরাইয়ে ঝর্ণায় পা পিছলে হাসপাতালে কলেজছাত্র

চট্টগ্রামের মিরসরাইয়ে ঝর্ণায় ঘুরতে গিয়ে পাথরে পা পিছলে পড়ে এক কলেজছাত্রকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সকাল সোয়া ১০টার দিকে উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের নাপিত্তাছড়া ঝর্ণা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

আহত আহসান হাবীব ইমরোজ (২১) ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার ভাবকীড় মোড় এলাকার দেলোয়ার হোসেনের ছেলে। তিনি ফুলবাড়িয়া সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী।

ঘটনার বিষয়ে মিরসরাই থানার ওসি ফরিদা ইয়াসমিন জানান, সকাল ১০টা ১৫ মিনিটের দিকে স্থানীয়দের ফোনের মাধ্যমে নাপিত্তাছড়া ঝর্ণায় এক পর্যটক আহত হওয়ার সংবাদ পাওয়া যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে। পরবর্তীতে চিকিৎসার জন্য তাকে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

আহতের বন্ধু মারুফ হাসান জানান, সকালে তারা একসঙ্গেই নাপিত্তাছড়া ঝর্ণায় ঘুরতে এসেছিলেন। ঝর্ণার পিচ্ছিল পাথরে পা পিছলে ইমরোজ নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নুসরাত জাহান সুরভি জানান, আহত পর্যটক ইমরোজের মাথায় মারাত্মক আঘাত লেগেছে। স্মৃতিভ্রমের লক্ষণ দেখা দেওয়ায় এবং মাথায় তাৎক্ষণিক সিটি স্ক্যান করা প্রয়োজন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন