১৯০ শিশুকে হত্যার দায়ে কেনিয়ায় ভণ্ড ধর্মগুরুর ২০০ বছরের কারাদণ্ড

১৯০ শিশুকে হত্যার দায়ে কেনিয়ায় ভণ্ড ধর্মগুরুর ২০০ বছরের কারাদণ্ড
ছবি: সংগৃহীত।

১৯০ জন শিশুকে অভুক্ত রেখে হত্যার দায়ে পল ম্যাকেনজি নামক এক ‘ভণ্ড ধর্মীয় গুরুকে’ ২০০ বছরের কারাদণ্ড দিয়েছে কেনিয়ার একটি আদালত। শুক্রবার (৬ নভেম্বর) আধুনিককালের অন্যতম ভয়াবহ এই হত্যাকাণ্ডে প্রায় ৫০০ জন প্রাণ হারিয়েছেন বলে ধারণা করা হয়। খবর রয়টার্সের।

বিজ্ঞাপন

রায় পাঠকালে বিচারক ডায়ানা কাভেডজা জানান, অনাহারে রেখে হত্যার জন্য ১০০ বছর এবং প্রত্যক্ষ হত্যাকাণ্ডের দায়ে আরো ১০০ বছর, সর্বমোট ২০০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

প্রসিকিউশন জানায়, কেনিয়ার পূর্ব উপকূলীয় অঞ্চলের ভারত মহাসাগরের নিকটবর্তী এক বনে একটি চার্চ পরিচালনা করতেন ম্যাকেনজি। তিনি নিজের অনুসারী ও তাদের সন্তানদের প্ররোচিত করেছিলেন যে, কেয়ামত আসার আগেই স্বর্গে পৌঁছাতে হলে নিজেদের অনাহারে রেখে প্রাণ দিতে হবে।

ম্যাকেনজির নির্দেশনা পালনে বাধ্য করতে তার সহযোগীরা অনুসারীদের হুমকি দিত এবং শারীরিক নির্যাতন চালাত। পরে গণকবর ও শৌচাগার থেকে তাদের কঙ্কালসার দেহ উদ্ধার করা হয়। এমনকি কিছু মানুষকে জীবন্ত কবর দেয়া হয়েছিল বলেও অভিযোগ উঠেছে।

ম্যাকেনজি তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করে দাবি করেছিলেন, তিনি কাউকে অনাহারে থাকতে বাধ্য করেননি। তবে আদালত তার এই সাফাই প্রত্যাখ্যান করেন।

গত মাসে বিচারপ্রক্রিয়া শেষে দোষী সাব্যস্ত হওয়া তার ২৮ জন সহযোগীকে ১০ থেকে ১৬০ বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দেয়া হয়। ম্যাকেনজিসহ অভিযুক্ত অধিকাংশের আইনজীবী লরেন্স ওবোনো জানান, তারা এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন।

বিচারক কাভেডজা বলেন, ম্যাকেনজি তার ক্যারিশম্যাটিক মিডিয়া উপস্থিতির মাধ্যমে অনুসারীদের বিশ্বাস অর্জন করেন। পরবর্তীতে অসহায় ও দুর্বল মানুষদের নিশানা করেন। যারা উপবাস ভাঙার চেষ্টা করত, তাদের ওপর নির্যাতন চালিয়ে হাত-পা বেঁধে রাখা হতো।

তিনি আরো উল্লেখ করেন, ‘ছোট ছোট শিশুরা চোখের সামনে নিজেদের ভাই-বোনদের দিনের পর দিন খিদে সয়ে মারা যেতে দেখেছে। আর যারা খাবার বা পানি চুরি করার চেষ্টা করত, তাদের মারধর করে হাত-পা বেঁধে ঘরের ভেতর আটকে রাখা হতো, যা তাদের জন্য মৃত্যুপুরীতে পরিণত হয়েছিল।’

এমএমআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন