‘হাবিবি’ ও ‘ইনশাআল্লাহ’ নিয়ে আল-সাইয়েদের জয় উদযাপন করছেন আরবরা

‘হাবিবি’ ও ‘ইনশাআল্লাহ’ নিয়ে আল-সাইয়েদের জয় উদযাপন করছেন আরবরা
ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্রের মিশিগান থেকে মধ্যপ্রাচ্য—সবখানেই উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে আবদুল আল-সাইয়েদের নির্বাচনি জয়ে। তার বিজয়ের পাশাপাশি মার্কিন রাজনীতির প্রচলিত শব্দভান্ডারে ‘হাবিবি’ ও ‘ইনশাআল্লাহ’র মতো আরবি শব্দ যুক্ত করার বিষয়টিও উদ্‌যাপন করছেন আরবরা। খবর এপির।

বিজ্ঞাপন

নির্বাচনি প্রচারের সময় ইসলামবিদ্বেষী বক্তব্যের লক্ষ্যবস্তু হয়েছিলেন আল-সাইয়েদ। তবে সব সমালোচনা উপেক্ষা করে নিজের ধর্মীয় পরিচয় ও মিসরীয় ঐতিহ্যকে সামনে রেখেই নির্বাচনি প্রচার চালিয়েছেন তিনি। একই সঙ্গে ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে অবস্থান নিয়েছেন এবং ডানপন্থি সমালোচকদেরও পাল্টা জবাব দিয়েছেন।

নির্বাচনে জয়ের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম-আমেরিকান সিনেটর হতে যাচ্ছেন তিনি। ফলে দেশটির রাজনীতিতে নতুন ইতিহাস গড়তে যাচ্ছেন এই উদীয়মান রাজনীতিক।

বিজয়ী ভাষণে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে উদ্দেশ করে ‘জেডি, হাবিবি’ বলে সম্বোধন করেন আল-সাইয়েদ।

এর আগে ভ্যান্স সতর্ক করেছিলেন, আল-সাইয়েদ সিনেটর নির্বাচিত হলে দাঙ্গাকারীদের নেতৃত্ব দিয়ে ডেট্রয়েট শহর পুড়িয়ে ফেলবেন। সেই বক্তব্যের জবাবে বিজয়ী ভাষণে আল-সাইয়েদ বলেন, ‘এটা খুবই মজার বিষয় যে সংবিধান অনুযায়ী জানুয়ারিতে আপনাকেই আমাকে শপথ পড়াতে হবে।’

তার এই বক্তব্যের মধ্য দিয়ে সমালোচকদের প্রতি কটাক্ষ করার পাশাপাশি নিজের বিজয়ের তাৎপর্যও তুলে ধরেছেন আল-সাইয়েদ।

‘হাবিবি’ আরবি ভাষায় ভালোবাসা ও স্নেহ প্রকাশের শব্দ

‘হাবিবি’ শব্দের আক্ষরিক অর্থ ‘আমার প্রিয়জন’ বা ‘আমার ভালোবাসার মানুষ’। আরবি পপসংগীতেও শব্দটির বহুল ব্যবহার রয়েছে। তবে দৈনন্দিন কথাবার্তায় এটি বন্ধু, সঙ্গী কিংবা ভাইকে সম্বোধন করার জন্যও ব্যবহৃত হয়। আল-সাইয়েদের সমর্থকদের অনেকেই ‘হাবিবি ফর আবদুল’ লেখা টি-শার্ট পরে তার নির্বাচনি জয় উদ্‌যাপন করেছেন।

মিসরীয় অভিবাসী পরিবারের সন্তান আল-সাইয়েদ বলেন, তার নির্বাচনি প্রচার ‘ইনশাআল্লাহ’ শব্দটিকে ‘আলহামদুলিল্লাহ’তে পরিণত করেছে। ‘ইনশাআল্লাহ’ অর্থ আল্লাহ চাইলে বা আল্লাহর ইচ্ছায়। অন্যদিকে ‘আলহামদুলিল্লাহ’ অর্থ সব প্রশংসা আল্লাহর বা আল্লাহর শুকরিয়া।

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টকে উদ্দেশ করে আল-সাইয়েদের মৃদু রসিকতায় বেশ উচ্ছ্বসিত হয়েছেন আরবরা। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘হাবিবি’ শব্দযুক্ত বিভিন্ন গানের ভিডিও ছড়িয়ে দিয়েছেন অনেকে।

অতীত ও বর্তমানের নানা সংঘাতে বিপর্যস্ত মধ্যপ্রাচ্যে এ ধরনের উচ্ছ্বাসের প্রকাশ খুব একটা দেখা যায় না। এসব সংঘাত পশ্চিমা বিশ্বে আরব ও মুসলিমদের নিয়ে নেতিবাচক ধারণা তৈরিতেও ভূমিকা রেখেছে।

এক ব্যবহারকারী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মিসরের জনপ্রিয় সংগীতশিল্পী শিরিন আবদেল ওয়াহাবের একটি জনপ্রিয় গানের সঙ্গে নাচের ভিডিও পোস্ট করেন। মজা করে তিনি লেখেন, আল-সাইয়েদ গানটিকে যুক্তরাষ্ট্রের নতুন জাতীয় সংগীত বানিয়ে দেবেন।

আরব বিশ্বে মিসরীয়রা রসবোধের জন্য বেশ পরিচিত। জীবনের নানা প্রতিকূলতার মধ্যেও কৌতুক করে পরিস্থিতি সামাল দেওয়ার প্রবণতা তাদের সংস্কৃতির অংশ। মিসরীয় চলচ্চিত্র ও জনপ্রিয় কৌতুক অভিনেতাদের মাধ্যমেও এই বৈশিষ্ট্য ব্যাপক পরিচিতি পেয়েছে।

এমএমআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...