নতুন নিয়মে যুক্তরাষ্ট্রে খাদ্য সহায়তা হারাচ্ছেন ৩০ লাখের বেশি মানুষ

আমার দেশ অনলাইন

নতুন নিয়মে যুক্তরাষ্ট্রে খাদ্য সহায়তা হারাচ্ছেন ৩০ লাখের বেশি মানুষ
ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্রে নতুন কঠোর নিয়ম কার্যকরের ফলে খাদ্য সহায়তা কর্মসূচি থেকে দ্রুত ঝরে পড়ছে উপকারভোগীর সংখ্যা। দেশজুড়ে ৩০ লাখের বেশি মানুষ খাদ্য সহায়তা হারিয়েছেন বলে জানিয়েছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল, ফেডারেল তথ্যের বরাতে। খবর আনাদোলুর।

প্রতিবেদন অনুযায়ী, গত বছরের জুলাই থেকে কড়াকড়ি শর্ত কার্যকর হওয়ার পর সাপ্লিমেন্টাল নিউট্রিশন অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম (এসএনএপি)-এ অংশগ্রহণকারী সংখ্যা প্রায় ৩৫ লাখ কমে গেছে।

বিজ্ঞাপন

নতুন নিয়ম অনুযায়ী, ১৮ থেকে ৬৪ বছর বয়সী শারীরিকভাবে সক্ষম এবং ১৪ বছরের নিচে সন্তান নেই—এমন প্রাপ্তবয়স্কদের প্রতি মাসে অন্তত ৮০ ঘণ্টা কাজ, স্বেচ্ছাসেবা বা অনুমোদিত প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিতে হবে।

এর আগে এই কর্মসংস্থান শর্ত ৫৪ বছর বয়স পর্যন্ত প্রযোজ্য ছিল এবং ১৮ বছরের নিচে সন্তান থাকা প্রাপ্তবয়স্কদের জন্য ছাড় ছিল।

এছাড়া, আগে থেকেই অনথিভুক্ত অভিবাসীরা এই সুবিধার বাইরে থাকলেও নতুন বিধিমালায় বৈধভাবে বসবাসরত কিছু অ-নাগরিককেও তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ জানায়, গত অর্থবছরে গড়ে প্রতি মাসে ৪ কোটি ২১ লাখ মানুষ এসএনএপি সুবিধা পেয়েছেন, যার মোট ব্যয় ছিল প্রায় ১০১.৭ বিলিয়ন ডলার।

তবে গত জুলাইয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কর ও ব্যয় সংক্রান্ত বড় আইন কার্যকর হওয়ার পর থেকেই অংশগ্রহণকারীর সংখ্যা ধারাবাহিকভাবে কমতে থাকে। সর্বশেষ জানুয়ারি মাসে এই সংখ্যা নেমে এসেছে ৩ কোটি ৮৫ লাখে, যা প্রায় ছয় মাসে ৮ শতাংশের বেশি হ্রাস নির্দেশ করে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন