দাবদাহে পুড়ছে দক্ষিণ কোরিয়া, ১২২ বছরের রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা

দাবদাহে পুড়ছে দক্ষিণ কোরিয়া, ১২২ বছরের রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা
ছবি: সংগৃহীত।

দক্ষিণ কোরিয়াজুড়ে নজিরবিহীন তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। সোমবারও দেশটির অধিকাংশ এলাকায় তীব্র গরমের সতর্কতা বহাল ছিল। তাপমাত্রা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাওয়ায় এবং তাপজনিত অসুস্থতা বাড়তে থাকায় জনস্বাস্থ্য পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে। খবর আনাদোলুর।

বিজ্ঞাপন

দক্ষিণ কোরিয়ার আবহাওয়া প্রশাসন (কেএমএ) জানিয়েছে, ২৯ জুলাই দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেছে। দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর ডেগুতে ১৯৪২ সালের আগস্টের পর প্রথমবারের মতো তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে।

এদিকে ডেগুর কাছের ইয়াংসান শহরে আগের দিন সর্বোচ্চ ৪২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা ১৯০৪ সালে আধুনিক আবহাওয়া পর্যবেক্ষণ শুরু হওয়ার পর সর্বোচ্চ।

চলমান তাপপ্রবাহে দেশজুড়ে স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। গত মে মাসের মাঝামাঝি থেকে এখন পর্যন্ত অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সোমবার ইনচনে ৪০ বছর বয়সী এক ব্যক্তি প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াস শরীরের তাপমাত্রা নিয়ে মারা যান। এছাড়া সপ্তাহান্তে দক্ষিণ চুংচিয়ং প্রদেশে ৬০ ও ৮০ বছর বয়সী দুই কৃষকও মৃত অবস্থায় পাওয়া গেছেন।

কোরিয়া আবহাওয়া প্রশাসনের মতে, কোরীয় উপদ্বীপের ওপর একাধিক উচ্চচাপ বলয়ের প্রভাব এবং পরিষ্কার আকাশে তীব্র সূর্যকিরণের কারণে দীর্ঘস্থায়ী এই তাপপ্রবাহ সৃষ্টি হয়েছে।

এমএমআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন