দীর্ঘ ৭৯ বছরের পথচলায় কয়েক প্রজন্মের স্বপ্ন ও সাফল্যের সাক্ষী বাবুগঞ্জ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়। ১৯৪৭ সালের ২ জানুয়ারি প্রতিষ্ঠার পর বাবুগঞ্জের শিক্ষা বিস্তারের অন্যতম প্রধান আলোকবর্তিকা হয়ে উঠেছে বিদ্যালয়টি। শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় মানুষের সম্মিলিত প্রচেষ্টায় সময়ের সঙ্গে গড়ে উঠেছে এর সুনাম ও ঐতিহ্য।
প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক জিতেন গাঙ্গুলীর হাত ধরে শুরু হওয়া সেই শিক্ষাযাত্রা আজও এগিয়ে চলছে নতুন প্রজন্মকে জ্ঞানের আলোয় আলোকিত করার প্রত্যয়ে। জিতেন গাঙ্গুলীর পথ ধরে একের পর এক নিবেদিতপ্রাণ শিক্ষকের মেধা, শ্রম ও আন্তরিকতায় বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও সুনাম ক্রমেই বিস্তৃত হয়েছে।
শিক্ষার মান ও অ্যাকাডেমিক ফলাফলের দিক থেকেও দীর্ঘদিন ধরে উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে সামনের সারিতে রয়েছে বিদ্যালয়টি। প্রতি বছর এসএসসি পরীক্ষার ফলাফলে ভালো ফল অর্জনের মাধ্যমে নিজেদের অবস্থান ধরে রাখছে প্রতিষ্ঠানটি।
দীর্ঘ এই পথচলায় বিদ্যালয়টি থেকে শিক্ষা গ্রহণ করেছেন অসংখ্য শিক্ষার্থী। উচ্চশিক্ষা সম্পন্ন করে তাদের অনেকে প্রশাসন, শিক্ষা, চিকিৎসা, ব্যবসা, সামাজিক কর্মকাণ্ডসহ রাষ্ট্র ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনেও বিদ্যালয়ের শিক্ষার্থীদের রয়েছে সাফল্যের বহু ইতিহাস।
বর্তমানে বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন ইব্রাহিম খলিল। তার নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ বজায় রাখা, নিয়মিত পাঠদান নিশ্চিত করা, শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ তৈরি এবং অ্যাকাডেমিক ফলাফল আরো উন্নত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি বলেন, শিক্ষার মানোন্নয়ন ও সুন্দর শিক্ষার পরিবেশ নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, নিয়মিত পাঠদান, শৃঙ্খলা এবং শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ বিকাশের বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখে থাকি।
সময় বদলের সঙ্গে শিক্ষাব্যবস্থাতেও এসেছে ব্যাপক পরিবর্তন। প্রযুক্তিনির্ভর বর্তমান বিশ্বে শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইনির্ভর জ্ঞান নয়, প্রযুক্তি ব্যবহারের দক্ষতা, সৃজনশীল চিন্তা, নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ করে গড়ে তোলার প্রয়োজনীয়তা দিন দিন বাড়ছে। সেই বাস্তবতায় বিদ্যালয়টিও আধুনিক শিক্ষার সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষার্থীদের প্রস্তুত করার ওপর গুরুত্ব দিচ্ছে।
বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, বাবুগঞ্জ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় দীর্ঘদিন ধরে শিক্ষাবিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। উপজেলার একমাত্র সরকারি মাধ্যমিক বিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠানটির প্রতি স্থানীয় মানুষের প্রত্যাশাও অনেক।
প্রতিষ্ঠার পর ৭৯ বছর পার করে ৮০তম বর্ষে পদার্পণের পথে থাকা বাবুগঞ্জ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় পুরোনো ঐতিহ্যকে ধারণ করে নতুন দিনের শিক্ষার চ্যালেঞ্জ মোকাবিলায় এগিয়ে যাচ্ছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

