নেপালে তুষারধসে নিহতের সংখ্যা বেড়ে ১৫

নেপালে তুষারধসে নিহতের সংখ্যা বেড়ে ১৫
ছবি: সংগৃহীত।

নেপালের মধ্যাঞ্চলে হিমলুং পর্বতের বেস ক্যাম্পে ভয়াবহ তুষারধসে নিহতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে। দুর্ঘটনার পর থেকে চাপা পড়া লাশ উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার উদ্ধারকারীরা ঘটনাস্থল থেকে নতুন করে আটটি লাশ উদ্ধার করেন। এর আগে রবিবার ভোরে ৭ হাজার ১২৬ মিটার উঁচু হিমলুং পর্বতের বেস ক্যাম্পে তুষারধসটি আঘাত হানে। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটিকে নেপালের অন্যতম প্রাণঘাতী পর্বতারোহণ দুর্ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

এ ঘটনায় একজন অভিযাত্রীকর্মী এখনও নিখোঁজ রয়েছেন। তাকে জীবিত অবস্থায় উদ্ধারের সম্ভাবনা খুবই ক্ষীণ বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। পরিস্থিতি বিবেচনায় উদ্ধার তৎপরতা শিগগিরই শেষ করা হতে পারে বলেও জানানো হয়েছে। দুর্ঘটনার সময় বিদেশি পর্বতারোহীরা বেস ক্যাম্পে পৌঁছাননি।

বর্তমানে অভিজ্ঞ গাইডসহ ১১ জন উদ্ধারকর্মী অভিযান পরিচালনা করছেন। তারা তুষারের নিচে চাপা পড়া তাঁবুগুলো ঘিরে চার মিটারের বেশি পুরু বরফের স্তর সরিয়ে লাশের সন্ধান করছেন।

উদ্ধার অভিযান শুরুর পর রবিবার দুই পর্বতারোহণ গাইডের লাশ পাওয়া যায়। পরদিন রান্নাঘরের দুই কর্মীর লাশ উদ্ধার করা হয়। এরপর মঙ্গলবার আরও তিনজনের লাশ উদ্ধার করেন উদ্ধারকর্মীরা। বৃহস্পতিবার উদ্ধার হয় আরও আটটি লাশ।

নেপালে এর আগেও ভয়াবহ পর্বতারোহণ দুর্ঘটনা ঘটেছে। ২০১৪ সালে এভারেস্টে তুষারধসে ১৬ জন প্রাণ হারান। পরের বছর ২০১৫ সালের ভূমিকম্পে এভারেস্টে নিহত হন আরও ১৮ জন।

বিশ্বের ১৪টি সর্বোচ্চ পর্বতশৃঙ্গের মধ্যে আটটির অবস্থান নেপালে। ফলে দেশটির পর্যটন ও অর্থনীতিতে পর্বতারোহণ এবং ট্রেকিংয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ৭ হাজার মিটারের বেশি উচ্চতার পর্বত অভিযানের প্রস্তুতি নেওয়া পর্বতারোহীদের কাছে হিমলুং পর্বতও একটি পরিচিত গন্তব্য।

সূত্র: আলজাজিরা

এমএমআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন