আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গ্র্যামি পুরস্কার জিতলেন দালাই লামা

আমার দেশ অনলাইন

গ্র্যামি পুরস্কার জিতলেন দালাই লামা

বৌদ্ধধর্মীয় নেতা দালাই লামা তার প্রথম গ্র্যামি পুরস্কার অর্জন করেছেন। অডিও বুক, বর্ণনা ও গল্প বলার বিভাগে সংগীত জগতের সর্বোচ্চ এই স্বীকৃতি পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

বিজ্ঞাপন

নয়াদিল্লি থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত গ্র্যামি পুরস্কার অনুষ্ঠানে দালাই লামার বই Meditations: The Reflections of His Holiness the Dalai Lama–এর অডিও সংস্করণকে বিজয়ী ঘোষণা করা হয়। বর্তমানে ভারতে নির্বাসিত জীবনযাপন করা ৯০ বছর বয়সি এই ধর্মগুরু দীর্ঘদিন ধরে তিব্বতের জন্য বৃহত্তর স্বায়ত্তশাসনের দাবিতে সোচ্চার ভূমিকার জন্য বিশ্বজুড়ে পরিচিত।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় দালাই লামা বলেন, তিনি বিনয় ও কৃতজ্ঞতার সঙ্গে এই স্বীকৃতি গ্রহণ করছেন। তার ভাষায়, এটি কোনো ব্যক্তিগত সাফল্য নয়, বরং মানব জাতির যৌথ দায়িত্ব ও মূল্যবোধের স্বীকৃতি।

তিনি আরও বলেন, শান্তি, করুণা, পরিবেশের প্রতি যত্ন এবং মানবজাতির ঐক্য—এই বিষয়গুলোই বিশ্বের প্রায় ৮ বিলিয়ন মানুষের সামষ্টিক কল্যাণের জন্য অপরিহার্য।

অডিও প্রজেক্টটিতে রুফাস ওয়েনরাইট ও ম্যাগি রজার্সসহ একাধিক শিল্পী অংশ নেন। অনুষ্ঠানে দালাই লামার পক্ষে রুফাস ওয়েনরাইট পুরস্কার গ্রহণ করেন।

উল্লেখ্য, ১৯৫৯ সালে তিব্বতে চীনা সেনাদের দমন অভিযানের পর মাত্র ২৩ বছর বয়সে দালাই লামা লাসা ত্যাগ করে ভারতে আশ্রয় নেন এবং এরপর আর তিব্বতে ফিরে যাননি। নোবেল শান্তি পুরস্কার বিজয়ী এই ধর্মগুরু জানিয়েছেন, তিনি আরও বহু বছর বেঁচে থাকার আশা করেন, যদিও তার অনুপস্থিত ভবিষ্যৎ নিয়ে তিব্বতবাসী ইতোমধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছেন।

চীন সরকার দালাই লামাকে বিচ্ছিন্নতাবাদী হিসেবে আখ্যা দিয়ে দাবি করে, তার ভবিষ্যৎ উত্তরসূরি নির্ধারণের অধিকার বেইজিংয়ের। তবে দালাই লামা স্পষ্ট করে বলেছেন, সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার একমাত্র ভারতে অবস্থিত তার কার্যালয়ের।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন