মালয়েশিয়ার উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবি: নিখোঁজ ১৪, উদ্ধার ২৩

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

মালয়েশিয়ার উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবি: নিখোঁজ ১৪, উদ্ধার ২৩

মালয়েশিয়ার পশ্চিম উপকূলে পাংকোর দ্বীপের কাছে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে অন্তত ১৪ জন নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত ২৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সামুদ্রিক কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

পেরাক অঙ্গরাজ্যের মালয়েশিয়ান মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সি (এমএমইএ) জানায়, সোমবার ভোরে স্থানীয় এক জেলে সাগরে ভাসমান কয়েকজনকে দেখতে পেয়ে কর্তৃপক্ষকে খবর দেন।

পেরাক এমএমইএর পরিচালক মোহামাদ শুকরি খোতব এক বিবৃতিতে বলেন, ‘প্রাথমিক তদন্তে জানা গেছে, নৌকাটিতে মোট ৩৭ জন অনিবন্ধিত অভিবাসী ছিলেন। এখন পর্যন্ত ২৩ জনকে উদ্ধার করা হয়েছে এবং বাকিদের খুঁজে বের করতে অভিযান চলছে।’

তিনি আরও জানান, অভিবাসীরা গত ৯ মে ইন্দোনেশিয়ার কিসারান এলাকা থেকে যাত্রা শুরু করেছিলেন। তাদের গন্তব্য ছিল মালয়েশিয়ার পেনাং, তেরেঙ্গানু, সেলাঙ্গর ও রাজধানী কুয়ালালামপুরসহ বিভিন্ন অঞ্চল।

নিখোঁজদের সন্ধানে উদ্ধারকারী নৌযান, হেলিকপ্টার ও নজরদারি বিমান মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। উদ্ধার হওয়া ব্যক্তিদের পরবর্তী তদন্তের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

অর্থনৈতিকভাবে তুলনামূলক সমৃদ্ধ মালয়েশিয়ায় এশিয়ার দরিদ্র দেশগুলো থেকে আসা লাখো অভিবাসী কাজ করেন। তাদের অনেকেই অবৈধভাবে নির্মাণ, কৃষি ও অন্যান্য খাতে কাজ করেন। তবে মানবপাচার চক্রের মাধ্যমে পরিচালিত এসব সমুদ্রযাত্রা প্রায়ই ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।

এর আগে ২০২৫ সালের নভেম্বরে থাই-মালয়েশিয়া উপকূলের কাছে একটি নৌকা ডুবে ৩৬ অভিবাসীর মৃত্যু হয়েছিল, যা সাম্প্রতিক সময়ের অন্যতম ভয়াবহ দুর্ঘটনা হিসেবে বিবেচিত হয়।

সূত্র: এএফপি

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন