আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

এবার স্টারলিংককে লাইসেন্স দিল ভিয়েতনাম

আমার দেশ অনলাইন

এবার স্টারলিংককে লাইসেন্স দিল ভিয়েতনাম

ভিয়েতনাম সরকার ইলন মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট কোম্পানি স্টারলিংককে দেশটিতে সেবা পরিচালনার লাইসেন্স দিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে দেশটির রেডিও ফ্রিকোয়েন্সি নিয়ন্ত্রক কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

কর্তৃপক্ষ জানায়, স্থানীয় ইউনিট স্টারলিংক সার্ভিসেস ভিয়েতনাম কোং প্রাথমিকভাবে চারটি গেটওয়ে স্টেশন স্থাপন করতে পারবে এবং সর্বোচ্চ ৬ লাখ টার্মিনাল ডিভাইস মোতায়েনের অনুমতি পেয়েছে।

হ্যানয় থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, লাইসেন্সের শর্ত অনুযায়ী স্টারলিংককে নিশ্চিত করতে হবে, যেন বিদ্যমান রেডিও যোগাযোগ নেটওয়ার্কে কোনো ধরনের হস্তক্ষেপ না ঘটে।

কর্তৃপক্ষের মতে, এই উদ্যোগ দেশের স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সংযোগ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বর্তমানে ভিয়েতনামের প্রায় ১০ কোটি মানুষের মধ্যে প্রায় ৮০ শতাংশ ইন্টারনেট ব্যবহারকারী। তবে গ্রামীণ ও পাহাড়ি এলাকায় এখনো সেবার ঘাটতি রয়েছে।

স্টারলিংক বিশ্বের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে হাজার হাজার নিম্ন-কক্ষপথের উপগ্রহের মাধ্যমে উচ্চগতির ইন্টারনেট সেবা প্রদান করে। এর মূল কোম্পানি স্পেসএক্স, যা প্রতিষ্ঠা করেছেন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক।

স্টারলিংক তাদের ওয়েবসাইটের প্রাপ্যতা মানচিত্রে জানিয়েছে, ভিয়েতনামে সেবা শিগগিরই চালু হবে। এ বিষয়ে মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি প্রতিষ্ঠানটি।

এদিকে, যুক্তরাষ্ট্র গত বছর ভিয়েতনামি পণ্যে ২০ শতাংশ শুল্ক আরোপের পর দুই দেশ বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। চলতি মাসে ষষ্ঠ দফা আলোচনা অনুষ্ঠিত হলেও এখনো চূড়ান্ত সমঝোতা হয়নি।

ভিয়েতনামের শীর্ষ নেতা তো লাম এ সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে যাওয়ার কথা রয়েছে। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন ‘বোর্ড অব পিস’-এর বৈঠকে অংশ নিতে পারেন বলে জানা গেছে। প্রথম বৈঠক ১৯ ফেব্রুয়ারি ওয়াশিংটনে অনুষ্ঠিত হওয়ার কথা।

দক্ষিণ-পূর্ব এশিয়ার এই উৎপাদনকেন্দ্র গত বছর ৮ দশমিক শূন্য শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে এবং চলতি বছর দুই অঙ্কের প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন