লোহাগাড়ায় মিনি ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

লোহাগাড়ায় মিনি ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২
নিহত দুই যুবক আহমেদ তৌহিদ ও মাহি উদ্দীন। ছবি: আমার দেশ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় মিনি ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফিরোজ আহমেদ তৌহিদ (২০) ও মাহি উদ্দীন ( ২১) নামে দুই যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার ভোর আনুমানিক ৬টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের ঠাকুরদীঘি এলাকায় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত ফিরোজ আহমেদ তৌহিদ চাঁদপুর জেলার কচুয়া থানার সাহাবপাড়া ২নং ওয়ার্ডের মনির হোসেনের ছেলে এবং মাহি উদ্দীন একই থানার শাহারপাড়া পাটোয়ারীবাড়ির মিজান পাটোয়ারীর ছেলে।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ভোরে চট্টগ্রামগামী একটি মিনি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি ধুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই চালক তৌহিদ মৃত্যুবরণ করেন এবং আরোহী মাহি উদ্দীন গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহতকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত্য ঘোষণা করেন।

এ বিষয়ে দোহাজারি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সালাহ উদ্দীন চৌধুরী বলেন, সংবাদ পেয়ে দোহাজারী হাইওয়ে থানার পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার এবং দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করে। মিনি ট্রাকের চালক ও হেলপার পলাতক রয়েছেন। লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন