অনুকূল আবহাওয়ার সুযোগে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টে তৈরি হয়েছে নতুন রেকর্ড। মাত্র ২৪ ঘণ্টার মধ্যে ২৭৪ জন পর্বতারোহী সফলভাবে এভারেস্টের চূড়ায় পৌঁছে ইতিহাস গড়েছেন। বৃহস্পতিবার (২১ মে) নেপালের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।
নেপালের ‘এক্সপেডিশন অপারেটরস অ্যাসোসিয়েশন’-এর কর্মকর্তা ঋষি রাম ভান্ডারি জানান, বুধবার আবহাওয়া পুরোপুরি পরিষ্কার থাকায় পর্বতারোহীরা একযোগে আরোহণের সুযোগ পান। নেপালের দক্ষিণ দিকের জনপ্রিয় রুট দিয়ে একদিনে এত সংখ্যক মানুষের এভারেস্ট জয় এর আগে কখনও দেখা যায়নি।
এভারেস্টে সাধারণত দুটি প্রধান পথ ব্যবহার করা হয় নেপালের দক্ষিণ দিক এবং চীনের তিব্বত অঞ্চলের উত্তর দিক। ২০১৯ সালে একদিনে নেপাল রুট দিয়ে ২২৩ জন এবং চীন রুট দিয়ে ১১৩ জন পর্বতারোহী শীর্ষে উঠেছিলেন। তবে চলতি বছর চীন তাদের দিকের রুট বন্ধ রাখায় অধিকাংশ আরোহী নেপাল অংশেই ভিড় জমিয়েছেন।
এ বছরের মৌসুমের শুরুতে আরোহণ কার্যক্রম কিছুটা ধীরগতির ছিল। কারণ মূল রুটের ওপর ঝুঁকিপূর্ণভাবে ঝুলে থাকা বিশাল বরফখণ্ড পর্বতারোহীদের জন্য বড় বাধা হয়ে দাঁড়ায়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে আবার অভিযান গতি পায়।
কর্তৃপক্ষ জানিয়েছে, মে মাসের শেষ পর্যন্ত চলবে এবারের আরোহণ মৌসুম। এ বছর প্রায় ৪৯৪ জন বিদেশি পর্বতারোহী এবং সমসংখ্যক শেরপা গাইড ৮ হাজার ৮৪৮ দশমকি ৮৬ মিটার উচ্চতার এই পর্বত জয় করার পরিকল্পনা নিয়েছেন।
শুধু দলগত নয়, ব্যক্তিগত অর্জনেও এবারের মৌসুমটি হয়ে উঠেছে বিশেষ। অভিজ্ঞ নেপালি গাইড কামি রিতা শেরপা সম্প্রতি ৩২তম বারের মতো এভারেস্ট জয় করে নিজেরই বিশ্ব রেকর্ড আরও উঁচুতে নিয়ে গেছেন।
অন্যদিকে পাসাঙ্গ দাওয়া শেরপা ৩০তমবারের মতো এভারেস্টের চূড়ায় পৌঁছে দ্বিতীয় সর্বোচ্চ আরোহণের কৃতিত্ব ধরে রেখেছেন।
নারী পর্বতারোহীদের মধ্যেও নতুন মাইলফলক গড়েছেন ‘মাউন্টেন কুইন’ নামে পরিচিত লাকপা শেরপা। তিনি ১১তমবার এভারেস্ট জয় করে নারীদের মধ্যে সর্বাধিকবার শীর্ষ স্পর্শের নিজের রেকর্ড আরও শক্ত করেছেন।
উল্লেখ্য, ১৯৫৩ সালের ২৯ মে নিউজিল্যান্ডের এডমন্ড হিলারি এবং শেরপা তেনজিং নরগে প্রথমবারের মতো মাউন্ট এভারেস্ট জয় করেন। এরপর থেকে বিশ্বের নানা প্রান্তের হাজারো অভিযাত্রী এই কঠিন শৃঙ্গ জয় করার স্বপ্ন পূরণ করেছেন।
সূত্র: এনবিসি নিউজ
এআরবি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



ভারতে মসজিদকে মন্দিরে রূপান্তর, সুপ্রিম কোর্টে মুসলিমদের চ্যালেঞ্জ