গ্র্যান্ড স্লামে নোভাক জোকোভিচের দীর্ঘদিনের আধিপত্যে বড় ধাক্কা। ইউএস ওপেনের প্রথম রাউন্ডেই হেরে বিদায় নিয়েছেন সার্বিয়ান এই তারকা। আর্জেন্টিনার মারিয়ানো নাভোনের কাছে পাঁচ সেটের লড়াইয়ে ৭-৬ (৭-৫), ৫-৭, ৪-৬, ৬-২, ৬-১ গেমে হেরেছেন তিনি। ম্যাচজুড়ে শারীরিক অসুস্থতায় ভুগেছেন ৩৯ বছর বয়সী জোকোভিচ।
রেকর্ড ২৫তম গ্র্যান্ড স্লাম জয়ের লক্ষ্য নিয়ে ইউএস ওপেনে নেমেছিলেন জোকোভিচ। তবে শুরু থেকেই নিউইয়র্কের আর্দ্র আবহাওয়ায় অস্বস্তিতে দেখা যায় তাকে। মাথায় আইসব্যাগ দেওয়ার পাশাপাশি কোর্টের তাপমাত্রা কমাতে এসি চালানোর অনুরোধও করেন তিনি। ম্যাচ শেষে জোকোভিচ বলেন, ‘কোর্টে আমার ভীষণ বাজে অনুভূতি হচ্ছিল।’
তৃতীয় সেটে সমস্যা আরও বেড়ে যায়। ষষ্ঠ গেমে কয়েকবার বমি করেন তিনি। পরে ফিজিওর কাছ থেকে ওষুধ নেন এবং তরল পান করেন। ক্র্যাম্প ও তীব্র ব্যথায় ধীরে ধীরে শরীর সাড়া দেওয়া বন্ধ করে দেয়। চতুর্থ সেটে এক ব্রেক এগিয়ে থাকলেও পিঠ ও কাঁধের সমস্যায় লড়াই চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ে।
তবু ম্যাচ ছেড়ে দিতে চাননি জোকোভিচ। প্রথম সেটে টাইব্রেকে হারার পর দ্বিতীয় ও তৃতীয় সেট জিতে ম্যাচে ফেরেন তিনি। তবে শেষ পর্যন্ত নাভোনে ঘুরে দাঁড়িয়ে চতুর্থ ও পঞ্চম সেট জিতে নেন। এ হারের মধ্য দিয়ে গ্র্যান্ড স্লামে টানা ৭৮টি প্রথম রাউন্ডের জয় থামল জোকোভিচের। সর্বশেষ ২০০৬ সালের অস্ট্রেলিয়ান ওপেনে প্রথম রাউন্ডে হেরেছিলেন তিনি।
জয়ের পর নাভোনে বলেন, ‘গ্রেটেস্ট অব অল টাইমের বিপক্ষে পাঁচ সেট—এমন কিছু প্রতিদিন ঘটে না। এটা যেন স্বপ্ন সত্যি হওয়ার মতো।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

