সোমালিয়ার সেনাবাহিনী পুনর্গঠন, প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধিতে তুরস্কের অব্যাহত সহযোগিতার জন্য দেশটির সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন প্রেসিডেন্ট হাসান শেখ মোহাম্মদ।
সোমালিয়ার প্রেসিডেন্টের কার্যালয় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, প্রেসিডেন্ট হাসান শেখ মোহাম্মদ দেশটির সেনাবাহিনীর বিশেষায়িত ইউনিট গরগর বাহিনীর বিভিন্ন ইউনিট পরিদর্শন করেছেন। তুরস্কের প্রশিক্ষণে গড়ে ওঠা এই বাহিনীর সদস্যরা সম্প্রতি উন্নত সামরিক প্রশিক্ষণ সম্পন্ন করেছেন।
পরিদর্শনকালে প্রেসিডেন্ট মোহাম্মদ সেনাসদস্যদের সঙ্গে কথা বলেন। এ সময় ইউনিট কমান্ডার ও সামরিক কর্মকর্তারা বাহিনীর চলমান কার্যক্রম সম্পর্কে তাকে অবহিত করেন।
তিনি ঘাঁটির প্রশাসনিক ইউনিট, সেনাসদস্যদের আবাসন, হাসপাতাল ও বিভিন্ন লজিস্টিক সুবিধাও পরিদর্শন করেন। সেনাদের সার্বিক অবস্থা, তাদের জন্য দেওয়া সুযোগ-সুবিধা এবং জাতীয় দায়িত্ব পালনে প্রস্তুতির প্রশংসা করেন তিনি।
সোমালিয়ার নিরাপত্তা রক্ষায় এবং জঙ্গিগোষ্ঠী আল-শাবাবের বিরুদ্ধে লড়াইয়ে গরগর বাহিনীর ভূমিকারও প্রশংসা করেন প্রেসিডেন্ট। তিনি বাহিনীর সদস্যদের সাংবিধানিক দায়িত্ব পালনে সবসময় প্রস্তুত থাকার নির্দেশ দেন।
সেনাসদস্যদের উদ্দেশে হাসান শেখ মোহাম্মদ বলেন, সন্ত্রাসমুক্ত সোমালিয়া গড়ার যে লক্ষ্য দেশটির জনগণ নির্ধারণ করেছে, তা অর্জনে তাদের ধারাবাহিকভাবে কাজ করে যেতে হবে।
প্রেসিডেন্ট বলেন, সোমালিয়ার সেনাবাহিনীর বিশেষায়িত ইউনিট প্রতিষ্ঠা ও সক্ষমতা বৃদ্ধিতে তুরস্ক গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। বিশেষ করে গরগর বাহিনী গঠন ও উন্নয়নে তুরস্কের সহযোগিতা বিশেষভাবে উল্লেখযোগ্য বলেও তিনি মন্তব্য করেন।
সোমালিয়া দীর্ঘদিন ধরে আল-শাবাবের বিরুদ্ধে লড়াই করে আসছে। দেশটির নিরাপত্তা বাহিনীর সক্ষমতা বাড়াতে তুরস্কসহ বিভিন্ন দেশের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সূত্র: মিডলইস্ট মনিটর
এআরবি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


