ময়মনসিংহের গফরগাঁওয়ে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যুর ঘটনা ঘটেছে। সম্পর্কে তারা ফুফাতো ও মামাতো ভাই-বোন। নিহত দুই শিশুরই বয়স তিন বছর। শুক্রবার দুপুরে উপজেলার যশরা ইউনিয়নের পালইকান্দা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো—পালইকান্দা গ্রামের মাজহারুল ইসলামের ছেলে সাফা (৩) এবং নুরুল ইসলামের মেয়ে সাইফানা (৩)। নিহত শিশু সাফার বাবা মাজহারুল ইসলাম এবং সাইফানার মা সাদিয়া আক্তার আপন ভাই-বোন।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ১টার দিকে বৃষ্টির সময় শিশু দুটি ঘর থেকে বের হয়ে বাড়ির উঠানে একসঙ্গে খেলাধুলা করছিল। একপর্যায়ে পরিবারের অগোচরে অসাবধানতাবশত তারা বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। দীর্ঘক্ষণ শিশুদের দেখতে না পেয়ে স্বজনরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পাশের পুকুরের পানি থেকে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করা হয়।
গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মিথুন পরীক্ষা-নিরীক্ষা শেষে দুজনকেই মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

