থাইল্যান্ডে তীর্থযাত্রার সময় পিকআপের ধাক্কায় ৮ বৌদ্ধভিক্ষু নিহত

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

থাইল্যান্ডে তীর্থযাত্রার সময় পিকআপের ধাক্কায় ৮ বৌদ্ধভিক্ষু নিহত

থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলে তীর্থযাত্রার সময় একদল বৌদ্ধভিক্ষুর ওপর একটি পিকআপ ট্রাক উঠে গেলে অন্তত আটজন নিহত হন। বৃহস্পতিবারের এ ঘটনায় আরও ১৪ জন আহত হয়েছেন, যাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

বিজ্ঞাপন

কর্তৃপক্ষ জানিয়েছে, রাজধানী ব্যাংকক থেকে প্রায় ৬০০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত মুকদাহান প্রদেশের ৩৫ জন ভিক্ষু উবোন রাচাথানি প্রদেশের উদ্দেশে প্রায় ২৬০ কিলোমিটারের পদযাত্রায় ছিলেন। যাত্রা শুরুর প্রায় ৩০ মিনিট পর দুর্ঘটনাটি ঘটে।

মুকদাহানের গভর্নর ওয়ারায়ান বুননারাত জানান, ঘটনাস্থলেই পাঁচজন ভিক্ষুর মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজন মারা যান।

স্থানীয় উদ্ধারকারী সংস্থা রুয়াম জাই মুকদাহান রেসকিউ অ্যাসোসিয়েশন প্রকাশিত নিরাপত্তা ক্যামেরার ফুটেজে দেখা যায়, ভিক্ষুরা সড়কের পাশে এক সারিতে হাঁটছিলেন। এ সময় একটি পিকআপ ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ওপর উঠে যায়।

পুলিশ জানিয়েছে, ট্রাকটি চালাচ্ছিল ১১ বছর বয়সি এক ছেলে। তাকে হেফাজতে নেওয়া হয়েছে এবং রাষ্ট্রীয় শিশু সুরক্ষা কর্মকর্তারা পৌঁছানোর পর তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, দুর্ঘটনার কারণ এখনো তদন্তাধীন। তবে ভিক্ষুরা জানিয়েছেন, তারা ট্রাকটিকে সড়কে এদিক-সেদিক দুলতে দেখেছিলেন। পরে সেটি রাস্তা থেকে ছিটকে গিয়ে তাদের ওপর আঘাত হানে।

সূত্র: এপি

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...