নওগাঁর আত্রাইয়ে নিখোঁজের দুই দিন পর গীতারাণী কবিরাজ (৫৫) নামের এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার ভোপাড়া ইউনিয়নের বলরামচক (চকবাঁকা) গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের মদন কবিরাজের স্ত্রী গীতারাণী কবিরাজ সোমবার পারিবারিক দ্বন্দ্বের জেরে নিখোঁজ হন। এরপর থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যাচ্ছিল না।
বুধবার সকালে স্থানীয় লোকজন তার বাড়ির কাছের একটি পরিত্যক্ত ঘরে ওই নারীর ঝুলন্ত লাশ দেখতে পান। খবর পেয়ে আত্রাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় আত্রাই থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা আত্রাই থানার উপপরিদর্শক (এসআই) জেলকদ হোসেন বলেন, তিনি নিখোঁজের দিনই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পারিবারিক কোনো দ্বন্দ্ব ছিল কি না, তা এখনো স্পষ্ট নয়। তবে তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

