মিয়ানমারের ৬০ টাউনশিপে জরুরি অবস্থা জারি

আমার দেশ অনলাইন

মিয়ানমারের ৬০ টাউনশিপে জরুরি অবস্থা জারি
ছবি: সংগৃহীত।

মিয়ানমারের নয়টি রাজ্য ও অঞ্চলের ৬০টি টাউনশিপে জরুরি অবস্থা জারি করেছে দেশটির সরকার। চলমান সহিংসতা নিয়ন্ত্রণে আনতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে শুক্রবার স্থানীয় গণমাধ্যমে জানানো হয়। খবর আনাদোলুর।

বিজ্ঞাপন

প্রেসিডেন্টের দপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার ঘোষিত এই জরুরি অবস্থার লক্ষ্য হলো সশস্ত্র অস্থিরতা দমন, স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং আইন-শৃঙ্খলা প্রতিষ্ঠা করা।

এই আদেশের আওতায় প্রশাসনিক ও বিচারিক ক্ষমতা সশস্ত্র বাহিনীর প্রধানের হাতে তুলে দেওয়া হয়েছে। পরে সামরিক নেতৃত্ব এসব ক্ষমতা আঞ্চলিক কমান্ডারদের কাছে হস্তান্তর করে, ফলে তারা সংশ্লিষ্ট এলাকায় সরাসরি নিরাপত্তা কার্যক্রম পরিচালনার নিয়ন্ত্রণ পাচ্ছেন।

কর্মকর্তারা জানিয়েছেন, পরিস্থিতি অনুযায়ী কমান্ডাররা অধস্তন কর্মকর্তাদের মধ্যেও দায়িত্ব বণ্টন করতে পারবেন।

এই পদক্ষেপের ফলে সংশ্লিষ্ট টাউনশিপগুলো কার্যত সামরিক শাসনের আওতায় চলে গেছে, যেখানে প্রশাসন ও বিচার ব্যবস্থার ওপর সামরিক বাহিনীর প্রভাব ব্যাপকভাবে বেড়েছে। এ অবস্থায় সামরিক ট্রাইব্যুনালে বেসামরিক নাগরিকদের বিচার হতে পারে, যেখানে দীর্ঘমেয়াদি কারাদণ্ড থেকে শুরু করে গুরুতর ক্ষেত্রে মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া সম্ভব।

এর আগে চলতি সপ্তাহে মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং সরকারবিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে শান্তি আলোচনার জন্য ১০০ দিনের সময়সীমা নির্ধারণ করেন এবং ন্যাশনওয়াইড সিজফায়ার এগ্রিমেন্ট (এনসিএ)-এ স্বাক্ষরকারী ও অসাক্ষরকারী উভয় পক্ষকে আলোচনায় অংশ নিতে আহ্বান জানান।

উল্লেখ্য, ২০১৫ সালের অক্টোবরে আটটি সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। ২০২১ সালের ফেব্রুয়ারিতে নির্বাচিত ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে মিয়ানমারের সামরিক বাহিনী। সম্প্রতি সামরিক-সমর্থিত পার্লামেন্ট মিন অং হ্লাইংকে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করেছে।

এমএমআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...