কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের নতুন ভূখণ্ড হিসেবে দেখানো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি পোস্ট ঘিরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। ট্রাম্পের এমন দাবির পর ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি তাকে ‘সিজোফ্রেনিক’ (গুরুতর ও দীর্ঘস্থায়ী মানসিক রোগী) বলে মন্তব্য করেছেন।
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গারিবাবাদি ট্রাম্পের মানসিক স্বাস্থ্য নিয়ে কটাক্ষ করেন। তিনি লেখেন, সিজোফ্রেনিয়ার অন্যতম সাধারণ উপসর্গ হলো ‘হ্যালুসিনেশন’ ও ‘ডিলিউশন’। এ ধরনের রোগীদের ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়ার পরামর্শ দেন মনোবিজ্ঞানীরা।
গারিবাবাদির এই মন্তব্যের সূত্রপাত ট্রাম্পের একটি পোস্টকে ঘিরে। এর আগে ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ হরমুজ প্রণালির একটি মানচিত্র প্রকাশ করেন, যেখানে এলাকাটিকে ‘নিউ ইউএস টেরিটোরি’ বা ‘নতুন মার্কিন ভূখণ্ড’ হিসেবে চিহ্নিত করা হয়েছিল। মার্কিন প্রেসিডেন্টের ওই পোস্টটি পরে হোয়াইট হাউসের পক্ষ থেকেও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা হয়।
হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। ইরান ও ওমানের মধ্যবর্তী এই জলপথ দিয়ে বিপুল পরিমাণ তেল ও জ্বালানি পরিবহন হয়ে থাকে। চলমান যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের মধ্যে প্রণালিটির নিয়ন্ত্রণ ও নৌযান চলাচল নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা আরো বেড়েছে। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র সেখানে মাইন অপসারণের কাজ সম্পন্ন করার দাবি করেছে এবং প্রণালিতে নিরাপদ নৌযান চলাচল নিশ্চিত করার ওপর জোর দিচ্ছে।
তবে ট্রাম্পের পোস্টটি হরমুজ প্রণালির আন্তর্জাতিক বা আইনগত মর্যাদা পরিবর্তন করে না। বরং এটি চলমান সংঘাতের মধ্যে ওয়াশিংটনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার রাজনৈতিক বার্তা হিসেবেই দেখা হচ্ছে।
এদিকে তেহরান হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানের বিরোধিতা করে আসছে। দুই দেশের মধ্যে চলমান সামরিক ও কূটনৈতিক উত্তেজনার মধ্যেই ট্রাম্পের এই পোস্ট এবং গারিবাবাদির পাল্টা মন্তব্য পরিস্থিতিকে আরো উত্তপ্ত করে তুলেছে।
সূত্র: আল জাজিরা
এআরবি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


