কলম্বিয়া ও ইন্দোনেশিয়ার পর এবার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ভানুয়াতু।
রোববার দেশটির উপকূলের কাছে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে।
ইউএসজিএসের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভানুয়াতুর ছোট উপকূলীয় গ্রাম পোর্ট অলরির প্রায় ৫৬ কিলোমিটার উত্তর-পূর্বে। ভূপৃষ্ঠের ১৮৮ কিলোমিটার গভীরে ছিল এর উৎপত্তিস্থল।
ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। ভানুয়াতুর প্রাকৃতিক দুর্যোগবিষয়ক কর্তৃপক্ষও তাৎক্ষণিকভাবে কোনো সুনামি সতর্কতা জারি করেনি।
ভূমিকম্পপ্রবণ ভানুয়াতু
ভানুয়াতু ভূমিকম্পপ্রবণ একটি দ্বীপরাষ্ট্র। দেশটি প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত। দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে প্রশান্ত মহাসাগরীয় অববাহিকা পর্যন্ত বিস্তৃত এই এলাকায় ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের প্রবণতা বেশি।
ভানুয়াতুতে ভূমিকম্পের আগে কলম্বিয়া ও ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।
গতকাল শনিবার ভোরে ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প হয়। এরপর শতাধিক পরাঘাত অনুভূত হয়। ওই ভূমিকম্পে ৫১ জন নিহত হয়েছে।
এর আগে গত সোমবার কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়। এতে কালি, পেরেইরা ও আশপাশের বিস্তীর্ণ এলাকার ভবন, সড়ক ও অন্যান্য অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়।
কলম্বিয়ার ওই ভূমিকম্পে এখন পর্যন্ত নিহত মানুষের সংখ্যা প্রায় ২৯০-এ পৌঁছেছে। নিখোঁজ রয়েছে ১৪০ জন। আহত হয়েছে প্রায় ৪ হাজার মানুষ। ধ্বংসস্তূপে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারে এখনো অভিযান চলছে।
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

