কুমিল্লার বুড়িচংয়ে পূর্ববিরোধের জেরে বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে বাকশিমুল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি জহিরুল ইসলামের বিরুদ্ধে। এ ঘটনায় জোহরা বেগম নামে এক নারী আহত হয়েছেন।
রোববার (২৯ আগস্ট) রাতে উপজেলার বাকশিমুল উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। হামলার পরদিন বাড়ির মালিক মোহাম্মদ জাকির হোসেন বাদী হয়ে বুড়িচং থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বাকশিমুল গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মোহাম্মদ জাকির হোসেনের সঙ্গে একই গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে জহিরুল ইসলাম, বাবুল, আবুল হোসেন, নজরুল ইসলাম ও মোশারফসহ কয়েকজনের দীর্ঘদিন ধরে জমি ও অন্যান্য বিষয়ে পূর্ববিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় রোববার রাতে ১৫ থেকে ২০ জনের একটি সশস্ত্র দল জাকির হোসেনের বসতবাড়িতে হামলা চালায়।
হামলাকারীরা ঘরে ঢুকে আসবাবপত্র ও ঘরবাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় ঘরে থাকা নগদ ১ লাখ ৭০ হাজার টাকা এবং বেশ কিছু মালামাল লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ করে ভুক্তভোগী পরিবার। হামলায় বাধা দিলে জাকির হোসেনের মা জোহরা বেগম আহত হন। পরে স্বজনেরা তাঁকে উদ্ধার করে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন।
ভুক্তভোগী পরিবারের সদস্য মোহাম্মদ কবির হোসেন অভিযোগ করে বলেন, ‘ওয়ার্ড যুবদলের সভাপতি জহিরুল ইসলাম রাজনৈতিক ক্ষমতার প্রভাব খাটিয়ে আমার ভাই জাকির হোসেনের বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছেন। আমরা চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি।’ তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত শাস্তির দাবি জানান।
তবে লুটপাট ও হামলার অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত যুবদল নেতা জহিরুল ইসলাম। তিনি উল্টো দাবি করেন, ‘আমাদের কেনা জমিতে জাকির হোসেন জোরপূর্বক ঘর নির্মাণ করেছেন। এ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সেই বিরোধের জেরে জাকির ও কবির হোসেন নিজেরাই নিজেদের বাড়িঘর ভাঙচুর করে আমাদের নামে মিথ্যা অভিযোগ রটাচ্ছে।’
জহিরুল ইসলাম আরো বলেন, ‘এ ঘটনায় আমার ভাই তরিকুল ইসলামের ওপরও হামলা চালানো হয়েছে। কবির হোসেন মূলত আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত এবং বিগত ১৭ বছর ধরে তিনি জোরপূর্বক আমাদের জায়গা দখল করে রেখেছেন। বর্তমানে আমার ভাইও হাসপাতালে চিকিৎসাধীন।’
এ বিষয়ে বুড়িচং থানার ওসি লুৎফুর রহমান জানান, ঘটনায় উভয় পক্ষের লিখিত অভিযোগ পেয়েছি। পুরো বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

