মাউন্ট এভারেস্ট বেস ক্যাম্পের ঠিক উপরের পথে একটি বিশাল বরফখণ্ডের কারণে শত শত পর্বতারোহী ও স্থানীয় গাইড বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ আরোহণের অভিযান সাময়িকভাবে স্থগিত রাখতে বাধ্য হয়েছেন। খবর দ্য গার্ডিয়ানের।
শুক্রবার নেপালের পর্বতারোহণ বিভাগের হিমেল গৌতম বলেন, বেস ক্যাম্প ও ক্যাম্প ওয়ানের মধ্যবর্তী বরফের বাঁধটি (সেরাক) পর্বতারোহীদের জন্য অস্থির ও ঝুঁকিপূর্ণ ছিল।
ফলে আরোহীদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত এগোনো সম্ভব নয়। বর্তমানে বেস ক্যাম্পে অবস্থান করে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন অভিযাত্রীরা।
সরকারি তথ্য অনুযায়ী, চলতি বসন্ত মৌসুমে এভারেস্ট জয়ের জন্য ৪১০ জন বিদেশি পর্বতারোহীকে অনুমতি দেওয়া হয়েছে। এই মৌসুম সাধারণত মে মাসের শেষ নাগাদ শেষ হয়।
প্রতি বছর “আইসফল ডাক্তার” নামে পরিচিত অভিজ্ঞ শেরপারা খুম্বু আইসফলের বিপজ্জনক অংশে দড়ি স্থাপন ও অ্যালুমিনিয়ামের সিঁড়ি বসিয়ে পথ তৈরি করেন। সাধারণত তারা এপ্রিলের মাঝামাঝি সময়েই এই কাজ শেষ করেন। তবে এবছর সেরাকের ঝুঁকির কারণে কাজ বিলম্বিত হচ্ছে।
সাগরমাথা পলিউশন কন্ট্রোল কমিটি জানিয়েছে, তারা আকাশপথে জরিপ চালিয়ে পরিস্থিতি মূল্যায়ন করবে। কমিটির চেয়ারম্যান লামা কাজি শেরপার মতে, সেরাকটি গলে নিরাপদ স্তরে না আসা পর্যন্ত তুষারধসের ঝুঁকি রয়ে গেছে।
খুম্বু আইসফল অঞ্চলটি বিশাল বরফখণ্ড, গভীর ফাটল ও ঝুলন্ত বরফস্তূপের কারণে এভারেস্ট অভিযানের সবচেয়ে কঠিন অংশগুলোর একটি হিসেবে পরিচিত।
উল্লেখ্য, ২০১৪ সালে এই একই এলাকায় হিমবাহের একটি বড় অংশ ভেঙে পড়ে ভয়াবহ তুষারধসের সৃষ্টি করেছিল, যাতে ১৬ জন শেরপা গাইড নিহত হন। এটি এভারেস্ট ইতিহাসের অন্যতম প্রাণঘাতী দুর্ঘটনা।
আবহাওয়া অনুকূলে থাকলে আগামী মাসে শত শত বিদেশি পর্বতারোহী ও নেপালি গাইড এভারেস্ট শৃঙ্গে আরোহণের চেষ্টা করবেন।
বিশ্বের সর্বোচ্চ এই শৃঙ্গটি ১৯৫৩ সালের ২৯ মে প্রথম জয় করেন তেনজিং নোরগে এবং এডমন্ড হিলারি।
এমএমআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

