ফরিদপুরে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

ফরিদপুরে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের ফরিদপুর জেলা শাখার সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ানের নেতৃত্বে শহরের লক্ষ্মীপুর এলাকায় গতকাল রাত সাড়ে ১১টার দিকে একটি মশাল মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। মিছিলের ভিডিওটি রিয়ান তার নিজস্ব ফেসবুক আইডিতেও পোস্ট করেছেন।

বিজ্ঞাপন

ভিডিওটিতে দেখা যায়, ২০ থেকে ৩০ জনের একটি দল হাতে প্রজ্জ্বলিত মশাল ও শোক র‌্যালির ব্যানার নিয়ে নানা ধরনের স্লোগান দিয়ে এগিয়ে যাচ্ছে।

ব্যানারটিতে শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা এবং তার পরিবারের অন্য সদস্যদের ছবি সংবলিত কালো রঙের আবহ ছিল। মিছিলে একদম সামনে থেকে নেতৃত্ব দিতে দেখা যায় জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরীকে।

ভিডিওটি ফেসবুকে পোস্ট করে রিয়ান লেখেন: ‘আগস্ট ৩১ তারিখ ২০২৬, স্থান:- ফরিদপুর শহর ১৭ নং ওয়ার্ড, লক্ষিপুর। সময়:- রাত ১১.০০ মিনিট। যতবার মনে করবেন ফরিদপুরে আওয়ামী লীগের রাজনীতি মুখ থুবড়ে পড়বে, ঠিক ততবার দ্বিগুণ শক্তি নিয়ে এক একজন রিয়ান থেকে শত শত রিয়ান, শত শত থেকে হাজার হাজার রিয়ানের জয় বাংলার স্লোগানে কম্পিত হবে ফরিদপুরের মাটি। কারণ এটা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ফরিদপুর। মনে রাখবেন, ফরিদপুরের মাটি শেখ হাসিনার ঘাঁটি। ফরিদপুরের মাটি ছাত্রলীগের ঘাঁটি। ২ বছরের বেশি লড়াই সংগ্রাম চলছে এবং চলবে। জীবনের শেষ রক্তবিন্দু থাকতে দেশের মাটি ছারি নাই ছারবো ও না ইনশাআল্লাহ। মরলেও এ দেশে বাঁচলে ও এ দেশের মাটিতেই বাচতে চাইবো। তামজীদুল রশিদ চৌধুরী (রিয়ান), সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ, ফরিদপুর জেলা শাখা।’

উল্লেখ্য, জুলাই অভ্যুত্থানে ফরিদপুরে ছাত্র-জনতার ওপর প্রকাশ্যে গুলি চালানোর অভিযোগে অভিযুক্ত ছাত্রলীগের এই নেতা ফরিদপুরে দায়েরকৃত একাধিক হত্যা ও বিস্ফোরক মামলার পলাতক আসামি। এসব মামলায় শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের পাশাপাশি তাকেও আসামি করা হয়েছে।

এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি মাহমুদুল হাসান বলেন, এমন সংবাদ পেয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে গিয়েছিল, কিন্তু সেখানে মিছিলের কোনো আলামত পাওয়া যায়নি।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন