সিলেটে স্বাস্থ্যমন্ত্রী

হাসপাতালগুলোকে দালালমুক্ত করতে সরকার কাজ করছে

হাসপাতালগুলোকে দালালমুক্ত করতে সরকার কাজ করছে
ছবি: আমার দেশ

দেশের প্রতিটি সরকারি হাসপাতালকে দালালমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। একই সঙ্গে সিলেটে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হাসপাতালগুলোর ড্রেনেজ ও পরিষ্কার-পরিচ্ছন্নতার যাবতীয় সমস্যা আগামী সাত দিনের মধ্যে সমাধানের নির্দেশ দিয়েছেন এবং হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে প্রতি তিন মাসের ব্যবধানে টিকা কার্যক্রম চালানোর কথাও বলেন তিনি।

শুক্রবার সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল ও শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

বিজ্ঞাপন

হাসপাতালে দালালদের দৌরাত্ম্য প্রসঙ্গে মন্ত্রী বলেন, দেশের সরকারি হাসপাতালগুলোকে দালালমুক্ত করতে সরকার কাজ করছে। রোগীরা যাতে কোনো ধরনের হয়রানি ছাড়াই প্রয়োজনীয় চিকিৎসাসেবা পান, তা নিশ্চিত করা হবে।

সিলেটের হাসপাতালগুলোর ড্রেনেজ ও অপরিচ্ছন্নতা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো ভুলভ্রান্তি বা সমস্যা থাকলে তা দ্রুত সংশোধন করতে হবে। সিলেটে যদি কোনো সমস্যা থেকে থাকে, সাত দিনের মধ্যে তা সমাধানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। ড্রেনেজ ব্যবস্থার কাজও শুরু করা হবে এবং হাসপাতালগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ব্যবস্থা নেওয়া হবে।

দেশে হামের প্রাদুর্ভাব নিয়েও কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, টিকা না পাওয়া শিশুদের মধ্যেই বর্তমানে হাম আক্রান্তের সংখ্যা বাড়ছে। হাম নিয়ন্ত্রণে সরকার আবারও টিকাদান কর্মসূচি হাতে নিচ্ছে।

মন্ত্রী বলেন, তিন মাসের ব্যবধানে পুনরায় হাম প্রতিরোধী টিকাদান কর্মসূচি চালানো হবে। চলতি মাসের শেষ দিক থেকে নতুন করে এই ক্যাম্পেইন শুরু করার পরিকল্পনা রয়েছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন