ফ্রান্সে গত ১৭ ও ১৮ অক্টোবর বিক্ষোভ ও সংশ্লিষ্ট সহিংসতায় বিমা খাতে ক্ষতির পরিমাণ ২০ কোটি ইউরো ছাড়িয়েছে। বৃহস্পতিবার দেশটির বিমা ফেডারেশন ফ্রান্স অ্যাস্যুরার্স এ তথ্য জানিয়েছে।
ফেডারেশনটির হিসাবে, ওই দুই দিনের সহিংসতার ঘটনায় মোট ৫ হাজার ২৮০টি বিমা দাবির আবেদন জমা পড়েছে। অল্প সময়ের মধ্যে সংঘটিত এসব ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণকে অস্বাভাবিকভাবে বেশি বলে উল্লেখ করেছে সংস্থাটি।
ফ্রান্স অ্যাস্যুরার্সের প্রেসিডেন্ট ফ্লোরেন্স লুস্তমান এক বিবৃতিতে বলেন, মাত্র দুই দিনের সহিংসতায় বিমা খাতে ২০ কোটি ইউরোর বেশি ক্ষতি হয়েছে, যা ঘটনার স্বল্প সময়ের তুলনায় অনেক বেশি।
মোট ক্ষতির প্রায় ৯৫ শতাংশই হয়েছে ব্যবসাপ্রতিষ্ঠানের সম্পত্তিতে। এর পরিমাণ আনুমানিক ১৯ কোটি ৮০ লাখ ইউরো। ব্যক্তিগত সম্পত্তির ক্ষতি হয়েছে প্রায় ৩৫ লাখ ইউরো। এ ছাড়া যানবাহনের ক্ষতির পরিমাণ ৬০ লাখ ইউরো পর্যন্ত হতে পারে।
ফেডারেশনটি জানিয়েছে, বিমা খাতে এই ক্ষতির পরিমাণ ২০০৫ সালের দাঙ্গা এবং ২০১৮-২০১৯ সালের ইয়েলো ভেস্ট আন্দোলনের সময়ের ক্ষয়ক্ষতির কাছাকাছি। ওই দুই আন্দোলনই কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস ধরে চলেছিল।
১৭ অক্টোবরের বিক্ষোভ ছিল জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও সরকারি পরিষেবায় কাটছাঁটের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনের অংশ। এতে ইয়েলো ভেস্ট আন্দোলনের কর্মী, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রমিক সংগঠন অংশ নেয়।
সূত্র: আনাদোলুর।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


