আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আমেরিকাভিত্তিক মানবাধিকার সংস্থার দাবি

ইরানে বিক্ষোভ দমনে নিহত সাত হাজারের বেশি

আন্তর্জাতিক ডেস্ক

ইরানে বিক্ষোভ দমনে নিহত সাত হাজারের বেশি
ছবি: সংগৃহীত।

ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর অভিযানে অন্তত সাত হাজার পাঁচজন নিহত হয়েছেন বলে দাবি করেছে আমেরিকাভিত্তিক মানবাধিকার সংস্থা এইচআরএএনএ। বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি জানায়, নিহতদের মধ্যে ২১৪ জন সরকারি বাহিনীর সদস্যও রয়েছেন।

বিজ্ঞাপন

এইচআরএএনএ জানায়, অতীতের অস্থিরতার সময় মৃত্যুর হিসাব নিরূপণে তারা তুলনামূলকভাবে নির্ভুল ছিল এবং ইরানের ভেতরে থাকা একদল কর্মীর নেটওয়ার্কের মাধ্যমে তথ্য যাচাই করে থাকে। যোগাযোগব্যবস্থা সীমিত থাকায় তথ্য সংগ্রহ ও যাচাইয়ে সময় লাগছে। ফলে মৃত্যুর সংখ্যা ধীরে ধীরে হালনাগাদ করা হচ্ছে।

অন্যদিকে ইরান সরকার গত ২১ জানুয়ারি প্রকাশিত একমাত্র সরকারি হিসাবে জানিয়েছে, বিক্ষোভসম্পর্কিত ঘটনায় তিন হাজার ১১৭ জন নিহত হন। অতীতে অস্থিরতার ঘটনায় হতাহতের সংখ্যা কম দেখানো বা প্রকাশ না করার অভিযোগ রয়েছে তেহরানের বিরুদ্ধে। তবে এ বিষয়ে বিস্তারিত জানতে পারেনি এপি।

এদিকে, আমেরিকার সঙ্গে ইরানের চলমান পারমাণবিক আলোচনা ঘিরে উত্তেজনার মধ্যেই মৃত্যুর সংখ্যা বাড়ার এ খবর সামনে এসেছে। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ইরান ইস্যুতে আরো কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন বলে জানা গেছে।

ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল মিডিয়ায় দেওয়া পোস্টে বলেন, তিনি আলোচনার মাধ্যমে ইরান ইস্যুর সমাধান চান এবং বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, দ্রুত একটি সমঝোতায় পৌঁছানো প্রয়োজন এবং আগামী মাসের মধ্যেই চুক্তি হওয়া উচিত।

তবে ট্রাম্প সতর্ক করে বলেন, ইরান যদি আবারও চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়, তাহলে তার পরিণতি দেশটির জন্য আরো কঠিন হতে পারে। অন্যদিকে নেতানিয়াহু জানিয়েছেন, ট্রাম্প একটি কার্যকর চুক্তিতে পৌঁছাতে আশাবাদী হলেও সম্ভাব্য যেকোনো চুক্তি নিয়ে তার নিজস্ব সংশয় রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন