ভোলার বোরহানউদ্দিনে এক যুবককে নির্জন স্থানে আটকে মারধর করে ১০লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগের ঘটনায় ছাত্রদলের দুই নেতাকে বহিষ্কার করেছে উপজেলা ছাত্রদল।
মঙ্গলবার বোরহানউদ্দিন উপজেলা ছাত্রদলের সভাপতি দানিশ চৌধুরী ও সাধারণ সম্পাদক তানজিল হাওলাদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃতরা হলেন—টবগী ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. মেহেদী হাসান পলিন ও সহ-দপ্তর সম্পাদক মো. ইমন হাওলাদার।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নৈতিক স্খলন ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পলিন ও ইমনকে প্রাথমিক সদস্যপদসহ সাংগঠনিক কার্যক্রম থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
ভুক্তভোগী মো. আল-মামুন মিঠু অভিযোগ করেন, গত ১৫ আগস্ট জন্মদিনের দাওয়াতের কথা বলে তাকে একটি নির্জন স্থানে নিয়ে মারধর করা হয়। পরে ভয়ভীতি দেখিয়ে তার আপত্তিকর ভিডিও ধারণ করা হয় এবং তা ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এ সময় তার কাছ থেকে নগদ টাকা, মোবাইল ব্যাংকিংয়ের অর্থ ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয় বলেও তিনি অভিযোগ করেন। এ ঘটনায় বোরহানউদ্দিন থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
এদিকে অভিযোগ অস্বীকার করে মেহেদী হাসান পলিন ও ইমন হাওলাদার বলেন, ‘তাদের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। তারা কোনো ধরনের টাকা-পয়সা নেননি।’
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ‘অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

