তাইওয়ানের অস্ত্র চুক্তি নিয়ে মুখোমুখি ট্রাম্প-শি জিনপিং

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

তাইওয়ানের অস্ত্র চুক্তি নিয়ে মুখোমুখি ট্রাম্প-শি জিনপিং
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি : সংগৃহীত

বেইজিংয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যকার বৈঠকে বাণিজ্যিক আলোচনা গুরুত্ব পেলেও তাইওয়ানের জন্য ১৪ বিলিয়ন ডলারের একটি প্রস্তাবিত অস্ত্র চুক্তি দুই নেতার আলোচনার টেবিলকে বেশ জটিল করে তুলেছে। এ চুক্তিটি দীর্ঘদিন ধরে ঝুলে আছে এবং এর ভবিষ্যৎ এখন বেইজিংয়ে তাদের আলোচনার ওপর নির্ভর করছে।

চুক্তির বিষয়বস্তু মার্কিন রাজনীতি

বিজ্ঞাপন

মার্কিন আইন প্রণেতাদের একটি বড় অংশ এই অস্ত্র বিক্রির পক্ষে। এই প্যাকেজে কাউন্টার-ড্রোন সরঞ্জাম, ইন্টিগ্রেটেড ব্যাটল কমান্ড সিস্টেম এবং মাঝারি পাল্লার গোলাবারুদ অন্তর্ভুক্ত রয়েছে। মার্কিন সিনেটর অ্যান্ডি কিমসহ বেশ কয়েকজন আইন প্রণেতা প্রেসিডেন্ট ট্রাম্পকে এই চুক্তি এগিয়ে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করেছেন।

তাদের দাবি, তাইওয়ানের আত্মরক্ষার জন্য এই অস্ত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একে কোনোভাবেই চীনের সঙ্গে বাণিজ্যিক বা কূটনৈতিক আলোচনার ‘দরকষাকষির পণ্য’ হিসেবে ব্যবহার করা উচিত নয়।

কূটনৈতিক ঝুঁকি নীতিগত সংকট

অস্ত্র বিক্রির বিষয়টি ট্রাম্প শি জিনপিংয়ের আলোচনার এজেন্ডায় রাখায় তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এটি মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রেগানের আমলের দীর্ঘস্থায়ী এক নীতিকে ঝুঁকির মুখে ফেলতে পারে।

ওই নীতি অনুযায়ী, তাইওয়ানে অস্ত্র বিক্রির বিষয়ে ওয়াশিংটন বেইজিংয়ের সঙ্গে কোনো পরামর্শ করে না এবং এই অস্ত্র বিক্রি বন্ধের কোনো নির্দিষ্ট সময়সীমাও নির্ধারণ করে না।

বিশ্লেষকদের মতে, তাইওয়ানের স্বাধীনতা ও অস্ত্র বিক্রির বিষয়ে ট্রাম্প যদি কোনো ধরনের নমনীয়তা দেখান বা বেইজিংয়ের চাপের মুখে পিছু হটেন, তবে তা মার্কিন পররাষ্ট্রনীতির বড় ধরনের বিচ্যুতি হিসেবে বিবেচিত হবে। ট্রাম্পের এই বেইজিং সফর একদিকে যেমন বাণিজ্যিক সাফল্যের সুযোগ তৈরি করেছে, অন্যদিকে তাইওয়ান নিয়ে তার অবস্থান পুরো অঞ্চলের ভূ-রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলার আশঙ্কা তৈরি করেছে। এখন দেখার বিষয়, ট্রাম্প বাণিজ্যিক লাভের আশায় এই অস্ত্র চুক্তিটি চূড়ান্ত করেন, নাকি বেইজিংয়ের সঙ্গে সম্পর্কের সমীকরণ মেলাতে গিয়ে এতে কোনো ছাড় দেন।

সূত্র: আলজাজিরা

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন