হাইকোর্টের দোহাই দিয়ে ফ্যাসিস্টের দোসররা ফিরছে স্বপদে

হাইকোর্টের দোহাই দিয়ে ফ্যাসিস্টের দোসররা ফিরছে স্বপদে
ছবি: আমার দেশ

হাইকোর্টের আদেশের দোহাই দিয়ে ইউপি চেয়ারম্যান পদ ফিরে পেয়েছেন মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সমর্থিত ছয় ইউপি চেয়ারম্যান। পলাতক ফ্যাসিস্টদের ইউপি চেয়ারম্যানের দায়িত্বভার বুঝিয়ে দিতে সংশ্লিষ্ট ইউনিয়নগুলোর প্যানেল চেয়ারম্যানদের চিঠি দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

জানা গেছে, ইউএনওর ওই চিঠিতে বলা হয়েছে, হাইকোর্টের ৭০০৩/২০২৫নং রিট পিটিশনের ১৪ মে ২০২৫ তারিখের নির্দেশনা এবং স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা অনুযায়ী জেলা সরকারি আইন কর্মকর্তার (জিপি) আইনগত মতামতের প্রেক্ষিতে তাদের স্ব স্ব ইউনিয়ন পরিষদের দায়িত্ব অর্পণ করা হয়েছে। বিধায় উক্ত চেয়ারম্যানদের স্বপদে বহালের জন্য প্যানেল চেয়ারম্যানদেরকে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞাপন

দায়িত্ব ফিরে পাওয়া ছয় চেয়ারম্যান হলেন- রামকৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান কামাল হোসেন, চালা ইউপি চেয়ারম্যান কাজী আব্দুল মজিদ, বাল্লা ইউপি চেয়ারম্যান বাচ্চু মিয়া, হারুকান্দি ইউপি চেয়ারম্যান শেখ মোশারফ হোসেন, ধুলশুড়া ইউপি চেয়ারম্যান জায়েদ খান ও বলড়া ইউপি চেয়ারম্যান মোসলেম উদ্দিন খান কুন্নু।

প্রাপ্ত তথ্য অনুযায়ী ইউএনওর চিঠির প্রেক্ষিতে ইতোমধ্যে বাল্লা, বলড়া, ধুলশুড়া ও হারুকান্দি ইউপি চেয়ারম্যান দায়িত্বভার বুঝে নিয়েছেন। হাইকোর্টের আদেশের পর ছয় চেয়ারম্যানের দায়িত্ব ফিরে পাওয়ায় বিষয়টি নিয়ে স্থানীয় পর্যায়ে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়েছে।

হারুকান্দি ইউপি চেয়ারম্যান শেখ মোশাররফ হোসেন বলেন, চেয়ারম্যান হিসেবে দায়িত্ব বুঝে পেয়েছি।

ধুলশুড়া ইউপি চেয়ারম্যান মো. জায়েদ খান বলেন, আজকে দায়িত্বভার গ্রহণ করেছি।

রামকৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান মো. কামাল হোসেন বলেন, আমি গতকাল সন্ধ্যায় চিঠি পেয়েছি। আগামী রবিবার দায়িত্ব বুঝে নিবো ইনশাআল্লাহ।

হরিরামপুর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ফাহিজা বীসরাত হোসেন বলেন, হাইকোর্টের আদেশের প্রেক্ষিতে জেলা প্রশাসক স্যারের নির্দেশে ছয় ইউপি চেয়ারম্যানকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য সংশ্লিষ্ট ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন