দেশের চলমান গ্যাস সংকট থেকে স্থায়ীভাবে বের হতে প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তুলতে প্রায় দুই বছর সময় লাগতে পারে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, গ্যাসের অভাবে শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হওয়ার বিষয়টি বাস্তবতা। তবে এই সংকটের স্থায়ী সমাধানে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নের কোনো বিকল্প নেই।
শনিবার দুপুরে সিলেটে একটি কর্মশালা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন মিল-কারখানা গ্যাস সংকটে ভুগছে। এটি অস্বীকার করার সুযোগ নেই। এই পরিস্থিতি বর্তমান সরকারের তৈরি নয়; বরং সরকার ‘উত্তরাধিকার সূত্রে’ এ সংকট পেয়েছে। তবে সংকট মোকাবিলায় প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তুলতে হবে।
তিনি বলেন, জ্বালানি সংকট মোকাবিলায় সরকার প্রচলিত চিন্তাভাবনার বাইরে গিয়ে কাজ করছে। স্থায়ীভাবে এ সংকট থেকে বের হতে হলে প্রয়োজনীয় অবকাঠামো তৈরি করতে হবে। এ জন্য সরকারকে প্রয়োজনীয় সময় দিতে হবে।
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘অবকাঠামো তৈরি করে এই পরিস্থিতি থেকে বের হতে যতটুকু সময় প্রয়োজন, সেটা দিতে হবে। এই অবকাঠামো তৈরির কাজ শেষ করতে প্রায় দুই বছর সময় লাগতে পারে।’ তবে দীর্ঘমেয়াদি অবকাঠামো নির্মাণের পাশাপাশি আপৎকালীন পরিস্থিতি সামাল দেওয়ার বিষয়েও সরকার কাজ করছে বলে জানান তিনি।
মালয়েশিয়া থেকে এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) আমদানির সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী বলেন, মালয়েশিয়ার ছোট আকারের জাহাজগুলো বর্তমানে অন্যত্র কাজে নিয়োজিত রয়েছে। ফলে সেখান থেকে দ্রুত গ্যাস আনার ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা রয়েছে। তারপরও সাময়িকভাবে পরিস্থিতির কিছুটা উন্নতি করা যায় কি না, সে বিষয়ে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
মন্ত্রী বলেন, আপৎকালীন কোনো ব্যবস্থা নেওয়া যায় কি না, তা নিয়ে সরকার কাজ করছে। একই সঙ্গে গ্যাস সংকটের স্থায়ী সমাধানে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের কাজও এগিয়ে নিতে হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

