ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও শারীরিকভাবে হেনস্তার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে।
এক যৌথ বিবৃতিতে এনসিপির আহ্বায়ক ও সদস্যসচিব বলেন, ভেনিসে জুলাইয়ের গণঅভ্যুত্থানের একজন যোদ্ধা ও সাংস্কৃতিক কর্মীর ওপর হামলার ঘটনা নিন্দনীয়।
তাদের অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ক্যাডাররা বাঁধনের ওপর হামলা চালিয়েছে। তার সঙ্গে থাকা নারী ও শিশুকেও আঘাত করা হয়েছে।
এনসিপির নেতারা বলেন, দেশজুড়ে গণহত্যা ও জুলুমের অভিযোগে ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এরপর দলের নেতাকর্মীদের একটি অংশ দেশ ছেড়ে বিদেশে অবস্থান করছে।
তাদের অভিযোগ, বিদেশের মাটিতে থেকেও তারা জুলাইয়ের যোদ্ধাদের ওপর রাজনৈতিক সহিংসতা ও হামলা চালানোর চেষ্টা করছে।
বিবৃতিতে বলা হয়, ভেনিসে বাঁধনের ওপর হামলার ঘটনা প্রমাণ করে, আওয়ামী লীগের কথিত ‘হিংস্র ও খুনে মানসিকতায়’ কোনো পরিবর্তন আসেনি।
এনসিপির নেতাদের আরো অভিযোগ, আওয়ামী লীগের সভাপতি হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ভেনিসে অবস্থান করার সময় তার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ব্যক্তিরা এই হামলা চালিয়েছেন।
তাদের দাবি, জয়ের সঙ্গে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা কয়েকজন চিহ্নিত আওয়ামী লীগ ক্যাডারই বাঁধন ও তার পরিবারের ওপর হামলায় জড়িত। হামলার সময় বাঁধনকে জোর করে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে বাধ্য করা হয় বলেও বিবৃতিতে দাবি করা হয়েছে।
এনসিপি নেতারা বলেন, বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের প্রত্যক্ষ মদত ও উসকানিতে এ ধরনের রাজনৈতিক সহিংসতা পরিচালিত হচ্ছে—ভেনিসের ঘটনাটি তার প্রমাণ।
বিবৃতিতে তারা আরো বলেন, দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকায় আওয়ামী লীগের সঙ্গে কোনো ধরনের রাজনৈতিক বা সামাজিক ‘রিকনসিলিয়েশন’ বা পুনর্মিলনের সুযোগ নেই।
তাদের ভাষায়, যারা বিদেশের মাটিতেও জুলাইয়ের যোদ্ধাদের ওপর হামলা চালায়, তাদের আইনের কাঠগড়ায় দাঁড় করাতে হবে।
এনসিপির নেতারা বলেন, স্বৈরাচারের পতন ঘটানো জুলাইয়ের যোদ্ধারা জাতীয় সম্পদ। বিদেশের মাটিতে তাদের ওপর হামলার ঘটনা কোনোভাবেই বরদাশত করা হবে না।
এ ঘটনায় পররাষ্ট্র মন্ত্রণালয় ও সরকারের প্রতি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে দলটি। এনসিপির নেতারা বলেন, ইতালির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যৌথভাবে কাজ করে হামলায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। তাদের ভিসা বাতিল করে বাংলাদেশে ফেরত এনে আইনের আওতায় আনারও দাবি জানান তারা।
একই সঙ্গে বিদেশে অবস্থানরত জুলাইয়ের যোদ্ধা, প্রবাসী কর্মী ও সাধারণ বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশি দূতাবাসগুলোকে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
বিবৃতিতে এনসিপির নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ভেনিসের হামলায় জড়িত ব্যক্তিদের কূটনৈতিক ও আইনি প্রক্রিয়ায় বাংলাদেশে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক বিচারের মুখোমুখি করা না হলে বর্তমান সরকারকে এর জবাব দিতে হবে।
তারা আরো বলেন, এনসিপি বাংলাদেশের জনগণকে সঙ্গে নিয়ে দেশ ও বিদেশের সব মঞ্চে ‘ফ্যাসিবাদের দোসরদের’ বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে।
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


