ঢাকার আশুলিয়ার মধ্য জামগড়া এলাকার একটি তালাবদ্ধ বাসা থেকে একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে।
তারা হলেন—আলমগীর, তার স্ত্রী নাজমা ও তাদের ছয় মাসের শিশুসন্তান। তারা দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার বাসিন্দা।
রোববার বিকেলে অ্যাম্বুলেন্সযোগে তাদের লাশ দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার নির্শা পলাশবাড়ী গ্রামের বাড়িতে পৌঁছালে স্বজনদের আহাজারিতে হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে শেষবারের মতো প্রিয়জনদের দেখতে বাড়িতে ভিড় করেন স্থানীয়রা।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্ত্রী নাজমা ও শিশুসন্তানকে নিয়ে ঢাকায় আশুলিয়ায় থাকতেন আলমগীর। সেখানে নাজমা একটি পোশাক কারখানায় চাকরি নেন এবং আলমগীর পান বিক্রি করতেন।
আশুলিয়ার মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর বাড়ির চারতলা ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে আলমগীর, তার স্ত্রী নাজমা ও ছয় মাসের শিশুর লাশ উদ্ধার করে পুলিশ।
কীভাবে ও কী কারণে তাদের মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত করছে পুলিশ।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

