প্যারিসে সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন করবে সৌদি আরব

প্যারিসে সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন করবে সৌদি আরব

ফ্রান্সের রাজধানী প্যারিসে নতুন একটি সৌদি সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে সৌদি আরবের সংস্কৃতি মন্ত্রণালয়। সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের ফ্রান্স সফরের সময় এ ঘোষণা দেওয়া হয়।

সৌদি সংস্কৃতি মন্ত্রণালয় জানিয়েছে, নতুন কেন্দ্রটি সৌদি আরবের সংস্কৃতি, ইতিহাস ও সৃজনশীল বৈচিত্র্য ফরাসি জনগণ ও আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরবে। সেখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও কর্মসূচির আয়োজন করা হবে।

বিজ্ঞাপন

কেন্দ্রটি সৌদি ও ফরাসি শিল্পী, লেখক, বুদ্ধিজীবী ও সৃজনশীল ব্যক্তিদের মধ্যে যোগাযোগ বাড়াতে কাজ করবে। পাশাপাশি দুই দেশের সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে সহযোগিতা ও যৌথ উদ্যোগের সুযোগ তৈরি করা হবে।

সৌদি সংস্কৃতি মন্ত্রণালয়ের মতে, কেন্দ্রটি আন্তর্জাতিক অঙ্গনে সৌদি শিল্পী ও সংস্কৃতিকর্মীদের উপস্থিতি বাড়াতেও ভূমিকা রাখবে। দুই দেশের মধ্যে সাংস্কৃতিক অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময়ের পাশাপাশি যৌথ সাংস্কৃতিক প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা করবে প্রতিষ্ঠানটি।

মন্ত্রণালয় বলেছে, প্যারিসে সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগ সৌদি-ফ্রান্স সম্পর্কের ক্রমবর্ধমান উন্নয়নের প্রতিফলন। এর মাধ্যমে সৌদি আরবের ঐতিহ্যবাহী সংস্কৃতির পাশাপাশি সমকালীন সৃজনশীল কর্মকাণ্ডও বিশ্বের কাছে তুলে ধরতে চায় রিয়াদ।

সৌদি আরব সাম্প্রতিক বছরগুলোতে আন্তর্জাতিক পর্যায়ে সাংস্কৃতিক উপস্থিতি বাড়ানোর উদ্যোগ নিয়েছে। প্যারিসের নতুন কেন্দ্র সেই প্রচেষ্টাকে আরও জোরদার করবে বলে মনে করা হচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন