কাউন্টি ক্রিকেটে অভিষেকেই দারুণ পারফরম্যান্স দেখালেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ। তাঁর দুর্দান্ত বোলিংয়ে উস্টারশায়ারকে ৮৪ রানে হারিয়েছে কেন্ট। ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ১১৯ রান দিয়ে সাত উইকেট নিয়েছেন হাসান।
৩৮০ রানের লক্ষ্য তাড়ায় উস্টারশায়ার একসময় ৫ উইকেটে ২৬৫ রান তুলে জয়ের সম্ভাবনা জাগিয়েছিল। তবে শেষ পাঁচ উইকেট তারা হারায় মাত্র ৩০ রানের মধ্যে। ব্রেট ডি’অলিভেইরা ১০৩ রানে অপরাজিত থেকে লড়াই চালিয়ে গেলেও শেষ পর্যন্ত দলকে জেতাতে পারেননি।
প্রথম ইনিংসে হাসান নিয়েছিলেন চার উইকেট। দ্বিতীয় ইনিংসে তাঁর শিকার আরও তিনজন। হেনরি কুলেনকে ৪৫ রানে ফিরিয়ে গুরুত্বপূর্ণ জুটি ভাঙেন তিনি। পরে নতুন বল হাতে বেন আলিসনকে এলবিডব্লিউ করে সাজঘরে পাঠান বাংলাদেশি পেসার।
শেষ পর্যন্ত হাসানের সঙ্গে ম্যাট মিলনেস তিনটি করে এবং কিথ ডাজিয়ন চার উইকেট নিয়ে উস্টারশায়ারের ইনিংস গুটিয়ে দেন। এই জয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপ ডিভিশন টুতে তৃতীয় স্থানে থাকা নর্দাম্পটনশায়ারের চেয়ে ১৫ পয়েন্ট এগিয়ে গেল কেন্ট।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

