বিদেশের মাটিতে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলা স্টেডিয়ামে বসে সরাসরি দেখার সুযোগ পেয়েছেন মেহেরপুরের গাংনীর শিক্ষার্থী শাহরিয়ার নাফিজ। ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবা নগদের বিশেষ ফুটবল ক্যাম্পেইন ‘কুইজে রিচার্জে খেলা হবে নগদ-এ’ অংশ নিয়ে তিনি মেগা পুরস্কারটি জিতে নিয়েছেন।
সম্প্রতি ঢাকার একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে শাহরিয়ার নাফিজসহ মোট ১০ জন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া উপস্থিত থেকে শাহরিয়ার নাফিজের হাতে মেগা পুরস্কার তুলে দেন।
পুরস্কারের অংশ হিসেবে শাহরিয়ার নাফিজ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার সঙ্গে স্টেডিয়ামে বসে বাংলাদেশ দলের পরবর্তী অ্যাওয়ে ম্যাচ সরাসরি উপভোগ করার সুযোগ পাবেন।
পুরস্কার হাতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে শাহরিয়ার নাফিজ বলেন, ‘বিদেশের মাটিতে প্রিয় জাতীয় দলের খেলা সরাসরি স্টেডিয়ামে বসে দেখতে পারব, এটা আমার কাছে স্বপ্নের মতো! আর অধিনায়ক জামাল ভূঁইয়ার হাত থেকে এই পুরস্কার নেওয়ার মুহূর্তটি সারাজীবন মনে রাখার মতো। ফুটবলপ্রেমীদের স্বপ্ন পূরণে এমন অসাধারণ সুযোগ করে দেওয়ার জন্য নগদকে আন্তরিক ধন্যবাদ।’
অনুষ্ঠানে মেগা পুরস্কারের পাশাপাশি রিচার্জ ক্যাম্পেইনে বিজয়ী ময়মনসিংহের মুক্তাগাছার শাহীন আলমের হাতে ভিডিও গেম কনসোল পিএস৫ তুলে দেওয়া হয়। এর আগে একই রিচার্জ ক্যাম্পেইনে আরও দুজন বিজয়ী ভিডিও গেম কনসোল পিএস৫ জিতে নিয়েছেন।
অন্যদিকে, নগদের কুইজ ক্যাম্পেইনে বিজয়ীদের হাতে ‘নগদ গিফট বক্স’ তুলে দেওয়া হয়। এ ক্যাম্পেইনে বিজয়ীরা হলেন ঢাকার কারিব-উর-রহমান, চট্টগ্রামের চাকরিজীবী মো. আমজাদ আলী রিয়াদ, মৌলভীবাজারের শিক্ষার্থী মো. ইয়াছারুজ্জামান মিতুল, মোহাম্মদপুরের প্রকৌশলী মো. মখলেছুর রহমান, বিমান বাংলাদেশের অপারেশনস অফিসার মো. তুহিন রেজা, ঢাকার গৃহিণী ঐশী মনি, মৌলভীবাজারের মাহবুব সাদিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. মিজানুর রহমান।
অনুষ্ঠানে নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ, সিনিয়র সহযোগী প্রশাসক সৈয়দ হীমঈয়ানউদ্দিন আহমেদ, সহযোগী প্রশাসক আনোয়ার উল্লাহ, চিফ কমার্শিয়াল অফিসার শাহীন সারওয়ার ভূঁইয়া, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার আফজাল আহমেদ এবং হেড অব মার্কেটিং এইচ ইউ এম মেহেদী সাজ্জাদসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গ্রাহকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বলেন, ‘নগদ সবসময়ই গ্রাহকদের আনন্দ ও চাহিদাকে সবচেয়ে বেশি প্রাধান্য দেয়। ফুটবল এ দেশের মানুষের প্রাণের খেলা। আমরা চেয়েছি বিশ্বকাপের এই আনন্দকে বহুগুণ বাড়িয়ে দিতে এবং গ্রাহকদের ডিজিটাল লেনদেনের অভিজ্ঞতাকে আরও উৎসবমুখর করতে।’
তিনি বিজয়ী গ্রাহকদের অভিনন্দন জানিয়ে বলেন, ‘নগদের সঙ্গে থাকুন, সামনে আপনাদের জন্য আরও অনেক দারুণ চমক অপেক্ষা করছে।’
ফুটবল বিশ্বকাপকে ঘিরে উৎসবের আমেজ ছড়িয়ে দেওয়া এবং ডিজিটাল লেনদেনে গ্রাহকদের উৎসাহিত করতে কুইজ ও মোবাইল রিচার্জের সমন্বয়ে বিশেষ এই ক্যাম্পেইন চালু করে নগদ। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, ক্যাম্পেইনটিতে গ্রাহকদের ব্যাপক সাড়া পাওয়া গেছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


