সাতক্ষীরা-খুলনা মহাসড়কে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়েছেন এক বাইসাইকেল আরোহী। রোববার সকাল ১০টার দিকে মহাসড়কে পাটকেলঘাটা থানার শাকদাহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল মাজেদ মোড়ল (৬০) সাতক্ষীরা সদর উপজেলার বিনেরপোতা এলাকার বাসিন্দা এবং পেশায় একজন সুইপার ছিলেন।
নিহতের দুই ছেলে কালাম মোড়ল ও সালাম মোড়ল জানান, রোববার সকালে তাদের বাবা কাজের উদ্দেশ্যে বাইসাইকেলে করে পাটকেলঘাটা বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে শাকদাহ এলাকায় পৌঁছালে ঢাকা থেকে সাতক্ষীরাগামী ‘সৌদিয়া পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি বাসের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।
পাটকেলঘাটা থানার ওসি শফিকুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার পর পরই ঘাতক বাসটি পালিয়ে যাওয়ায় তা আটক করা সম্ভব হয়নি। তবে বাসটি শনাক্ত করার চেষ্টা চলছে।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

