সদস্য দেশগুলোর ড্রোন ও ড্রোন প্রতিরোধী সক্ষমতা বাড়াতে এবং জোটের বহির্সীমায় নিরাপত্তা জোরদারে আরও ১৩ কোটি ইউরো (প্রায় ১৪ কোটি ৫০ লাখ ডলার) অর্থায়নের ঘোষণা দিয়েছে ইউরোপীয় কমিশন। খবর আনাদোলুর।
সোমবার দেওয়া এক বিবৃতিতে কমিশন জানায়, বর্ডার ম্যানেজমেন্ট অ্যান্ড ভিসা ইনস্ট্রুমেন্টের (বিএমভিআই) আওতায় এই অর্থ দেওয়া হবে। সীমান্ত নজরদারি জোরদার এবং নতুন ধরনের নিরাপত্তা হুমকি মোকাবিলায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বৃহত্তর উদ্যোগের অংশ হিসেবে এই অর্থ বরাদ্দ করা হয়েছে।
এর আগে ২০২৫ সালের ডিসেম্বরে ২৫ কোটি ইউরো এবং চলতি বছরের শুরুতে আরও ১৬ কোটি ৯০ লাখ ইউরো বরাদ্দের ঘোষণা দেওয়া হয়েছিল। এসব অর্থ নজরদারি ড্রোন ও সংশ্লিষ্ট সরঞ্জাম সংগ্রহে ইইউর সদস্য দেশ এবং ইউরোপীয় বর্ডার অ্যান্ড কোস্ট গার্ড এজেন্সি—ফ্রন্টেক্সকে সহায়তার জন্য দেওয়া হয়।
নতুন বরাদ্দের ফলে নজরদারি ও ড্রোন প্রতিরোধী প্রযুক্তির জন্য ইইউর স্বরাষ্ট্রবিষয়ক তহবিল থেকে মোট উপলভ্য অর্থ ৫০ কোটি ইউরোর বেশি দাঁড়িয়েছে।
কমিশন বলেছে, নতুন অর্থের মাধ্যমে সদস্য দেশগুলো পরিস্থিতি সম্পর্কে তাৎক্ষণিক ধারণা নেওয়ার সক্ষমতা বাড়াতে, ইইউর বহির্সীমা সুরক্ষিত করতে এবং অননুমোদিত বা শত্রুতাপূর্ণ ড্রোন কার্যক্রমের ঝুঁকি মোকাবিলায় সক্ষম হবে।
আধুনিক প্রযুক্তির মাধ্যমে সীমান্ত ব্যবস্থাপনা শক্তিশালী ও অভ্যন্তরীণ নিরাপত্তা আরও জোরদার করতে সদস্য দেশগুলোর জাতীয় কর্তৃপক্ষকে সক্ষম করে তোলার বৃহত্তর উদ্যোগের অংশ হিসেবেই এই অতিরিক্ত অর্থায়ন করা হচ্ছে বলে জানিয়েছে ইইউ।
এমএমআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


