ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ, পুলিশ বক্স ও পোশাককারখানা ভাঙচুর

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ, পুলিশ বক্স ও পোশাককারখানা ভাঙচুর

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে চলমান শ্রমিক আন্দোলনের অংশ হিসেবে গাজীপুরের টঙ্গীর গাজীপুরা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ ও বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। একপর্যায়ে শ্রমিক আন্দোলন খরতৈল, সাতাইশ, খাঁপাড়া ও রাজনগর বাগানবাড়িতে ছড়িয়ে পড়ে। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বিজ্ঞাপন

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বিক্ষুব্ধ শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় গাড়ির টায়ার ও কাঠখড়ি দিয়ে আগুন ধরিয়ে দেন। এ সময় পুলিশ বেশ কয়েকটি টিয়ার শেল নিক্ষেপ ও ধাওয়া করে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। এরপর আবার উত্তেজিত শ্রমিকেরা মহাসড়ক দখলে নেন এবং গাজীপুরা ট্রাফিক পুলিশ বক্সে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এ ছাড়া উত্তেজিত শ্রমিকেরা তুসুকা, মাসকো, সিজন ড্রেসেসসহ বেশ কয়েকটি পোশাক কারখানায় ভাঙচুর চালান।

এদিকে শ্রমিক আন্দোলন এড়াতে মঙ্গলবার বেলা ১১টা থেকে টঙ্গীর গাজীপুরা, খরতৈল, খাঁপাড়া, সাতাইশ ও রাজনগর এলাকার পোশাক কারখানাগুলোতে ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

ছুটি ঘোষণা করা কারখানাগুলো হলো—টি জে সোয়েটার্স লিমিটেড, বেইস ফ্যাশন লিমিটেড, এস এম পি সোয়েটার্স, এল লইস ফ্যাশন লিমিটেড, জি জে ক্যাপ, দেওটি ফ্যাশন লিমিটেড, মিকফিক অ্যাপারেলস, ই এইচ ফেব্রিক্স, তানাজ ফ্যাশন, ভিয়েলা টেক্স, হ্যান্ডিক্রাফট বিউটি অ্যান্ড ফ্যাশন, সাউথ ইস্ট টেক্সটাইল, মাসকো গ্রুপের একাধিক প্রতিষ্ঠান (মাসকো জি-১ ও জি-২, মাসকো কটন স্যাম্পল, মাসকো পিকাসো, মাসকো কনসেপ্ট নিটিং, মাসকো শান্তা এক্সপ্রেশন), বরকত ফ্যাশন, ডেনিম ফ্যাশন, লিড টাইম অ্যাপারেলস, এম এইচ সি ওয়্যার, উইন্টার উল, জে এফ অ্যান্ড কো, এস এম জ্যাকার্ড, ফ্যাশন স্টেপ, সানি সোয়েটার, টি এম এস অ্যাপারেলস, নিউ আর জি অ্যাপারেলস, টি পি ও গার্মেন্টস, স্পিরিট অ্যাপারেলস, সিভিউ ড্রেসেস, তুসুকা স্পিরিট অ্যাপারেলস, তুসুকা ফ্যাশন লিমিটেড, ট্রাউজার, কটন ফিল্ড বিডি, লাইফমোর স্টাইল, এস এম সোয়েটার, এস অ্যান্ড পি বাংলা, কে এ ডিজাইন ওয়্যার, এসি অ্যাপারেলস, এস কে ট্রিমস, লাকি স্টার অ্যাপারেলস, ইনট্রাস্ট ডিজাইন, এইচ বি অ্যাপারেলস, মার্স স্টিচ অ্যাপারেলস, নিপন গার্মেন্টস, ইকো টেক্স, মিম ফ্যাশন, বারাকা ফ্যাশন, এবি মার্ট, মজুমদার গার্মেন্টস, সেগ ফ্যাশন, ক্রস লাইন এবং নিট বাজার।

পুলিশ জানায়, কারখানা ছুটির পরপর কিছু শ্রমিক টঙ্গীর গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে মহাসড়কের উভয় পাশে জড়ো হয়ে তারা অবরোধ সৃষ্টি করেন। পরে পুলিশ বেশ কয়েকটি টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও ধাওয়া দিয়ে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। তবে কিছুক্ষণ পর আবারও শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নেন।

এ বিষয়ে যোগাযোগ করা হলে টঙ্গী সাতাইশ রোডের মাসকোটেক্স লিমিটেড কারখানার সিনিয়র ম্যানেজার মো. বোরহান উদ্দিন বলেন, শ্রমিক আন্দোলন এড়াতে বেলা ১১টার দিকে কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

টঙ্গী পশ্চিম থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, দুপুরের দিকে কিছু শ্রমিক গাজীপুরা এলাকায় মহাসড়ক অবরোধ করেন। পরে বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল নিক্ষেপ ও ধাওয়া দিয়ে তাদের সরিয়ে দেওয়া হলে দুপুর দেড়টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং মহাসড়কে যান চলাচল শুরু হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...