একীভূত আয়ারল্যান্ড প্রশ্নে রাজনৈতিক আলোচনায় নতুন মোড়

একীভূত আয়ারল্যান্ড প্রশ্নে রাজনৈতিক আলোচনায় নতুন মোড়

একীভূত আয়ারল্যান্ডের সম্ভাবনা নিয়ে ব্রিটেনে ও আয়ারল্যান্ডে রাজনৈতিক আলোচনা নতুন করে জোরালো হলেও এ বিষয়ে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। পরিবর্তিত জনমিতি ও রাজনৈতিক সমীকরণ ভবিষ্যতে সাংবিধানিক পরিবর্তনের সম্ভাবনা বাড়ালেও গণভোটের আগে দীর্ঘ, শান্তিপূর্ণ ও সর্বসম্মত আলোচনার প্রয়োজন রয়েছে।

এক দশক আগে ব্রেক্সিটকে ডেমোক্রেটিক ইউনিয়নিস্ট পার্টি বা ডিইউপি উত্তর আয়ারল্যান্ডকে আয়ারল্যান্ড প্রজাতন্ত্র থেকে আরও দূরে রাখার সুযোগ হিসেবে দেখেছিল। দলটির প্রত্যাশা ছিল, ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার ফলে উত্তর ও দক্ষিণ আয়ারল্যান্ডের মধ্যে দূরত্ব বাড়বে। কিন্তু বাস্তবে পরিস্থিতি উল্টো দিকে এগিয়েছে। আয়ারল্যান্ডের সঙ্গে স্থল সীমান্তে কঠোর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পরিবর্তে ব্রেক্সিট-পরবর্তী ব্যবস্থায় আইরিশ সাগর দিয়ে উত্তর আয়ারল্যান্ড ও যুক্তরাজ্যের বাকি অংশের মধ্যে বাণিজ্যিক সীমান্তব্যবস্থা তৈরি হয়েছে। একই সঙ্গে উত্তর ও দক্ষিণের অর্থনৈতিক সংযোগের যুক্তিও আরো শক্তিশালী হয়েছে।

বিজ্ঞাপন

রাজনৈতিক পরিবর্তনের পাশাপাশি উত্তর আয়ারল্যান্ডের জনমিতিতেও পরিবর্তন এসেছে। এখন সেখানে ক্যাথলিক পটভূমির মানুষের সংখ্যা প্রোটেস্ট্যান্ট পটভূমির মানুষের চেয়ে বেশি। ২০২২ সালের স্টর্মন্ট নির্বাচনে সিন ফেইন ঐতিহাসিক জয় পায় এবং মিশেল ও'নিল উত্তর আয়ারল্যান্ডের প্রথম জাতীয়তাবাদী ফার্স্ট মিনিস্টার হন। এসব পরিবর্তন ভবিষ্যৎ সাংবিধানিক অবস্থান নিয়ে নতুন রাজনৈতিক হিসাব তৈরি করেছে।

এই পরিবর্তিত পরিস্থিতির মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়ারল্যান্ড সফরের সময় অনানুষ্ঠানিক মন্তব্যে বলেছেন, তিনি আয়ারল্যান্ডের একীভূতকরণ দেখতে ‘ভালোবাসবেন’। মিশেল ও'নিল তার বক্তব্যকে সাংবিধানিক পরিবর্তন নিয়ে বাড়তে থাকা আলোচনার প্রতিফলন হিসেবে দেখেছেন। তবে আলোচনা বাড়ছে ঠিকই, কিন্তু বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং অত্যন্ত সতর্কতার সঙ্গে এগোনো প্রয়োজন।

১৯৯৮ সালের গুড ফ্রাইডে চুক্তিতে সীমান্ত গণভোটের সুনির্দিষ্ট মানদণ্ড স্পষ্টভাবে নির্ধারণ করা হয়নি। পরবর্তী সময়ে লন্ডন ও ডাবলিনের সরকারগুলো মূলত উত্তর ও দক্ষিণের আন্তসীমান্ত সহযোগিতা বাড়ানোর দিকে গুরুত্ব দিয়েছে। আয়ারল্যান্ডের ইতিহাস এবং বিষয়টির রাজনৈতিক ঝুঁকি বিবেচনায় এই কৌশল ছিল যুক্তিসংগত।

সম্প্রতি সিন ফেইন ২০৩০ সালের মধ্যে আইরিশ একীকরণ নিয়ে গণভোট আয়োজনের অঙ্গীকার করেছে। ওই সময়সীমা বাস্তবসম্মত নয়। একই সঙ্গে প্রস্তুতি ছাড়া অনির্দিষ্টকাল অপেক্ষা করাও সমাধান নয়। কারণ একীভূত আয়ারল্যান্ড নিয়ে উত্তর আয়ারল্যান্ডে এখনো গভীর রাজনৈতিক ও সামাজিক বিভাজন রয়েছে।

অরেঞ্জ অর্ডারের মিছিল ঘিরে ক্যাথলিক অধ্যুষিত এলাকায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এর সঙ্গে স্টর্মন্টের রাজনৈতিক অচলাবস্থাও মেরুকরণকে আরো গভীর করছে। ফলে এখনই গণভোটের দিকে এগিয়ে গেলে তা রাজনৈতিক উত্তেজনা বাড়ানোর ঝুঁকি তৈরি করতে পারে।

এই পরিস্থিতিতে একটি দীর্ঘ, বিস্তারিত ও বাস্তবভিত্তিক জনআলোচনার প্রয়োজনীয়তা রয়েছে। একীভূত আয়ারল্যান্ড হলে তার রাজনৈতিক কাঠামো কী হবে, উত্তর ও দক্ষিণের প্রতিষ্ঠানগুলো কীভাবে একীভূত হবে, অর্থনীতি ও সামাজিক সেবার ওপর কী প্রভাব পড়বে এবং বিভিন্ন সম্প্রদায়ের স্বার্থ কীভাবে রক্ষা করা হবে—এসব প্রশ্নের উত্তর গণভোটের আগেই আলোচনায় আসা প্রয়োজন।

সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনের মতে, দীর্ঘমেয়াদে আয়ারল্যান্ড একীভূত হতে পারে; তবে সেটি হতে হবে দীর্ঘ একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে, যেখানে মানুষকে একত্রে এসে সমঝোতার পথ খুঁজে নিতে হবে। এই সতর্কতাটিই বর্তমান বিতর্কে সব পক্ষের গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত।

উত্তর আয়ারল্যান্ডের রাজনৈতিক ও জনমিতিক বাস্তবতা বদলাচ্ছে—এটি অস্বীকার করার সুযোগ নেই। কিন্তু পরিবর্তনশীল পরিস্থিতিকে সরাসরি গণভোটের দিকে ঠেলে দেওয়া উচিত নয়। একীভূত আয়ারল্যান্ডের প্রশ্নটি এমনভাবে মোকাবিলা করতে হবে, যাতে কোনো সম্প্রদায় নিজেদের রাজনৈতিকভাবে পরাজিত বা উপেক্ষিত মনে না করে। দীর্ঘ প্রস্তুতি, অন্তর্ভুক্তিমূলক আলোচনা ও পারস্পরিক সম্মতিই হতে পারে টেকসই সমাধানের ভিত্তি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন