ফ্রান্সের উত্তর উপকূল থেকে ছোট নৌকায় করে যুক্তরাজ্যে যাওয়ার চেষ্টা করার সময় দুই তরুণীর মৃত্যু হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, নিহতরা সম্ভবত সুদানের নাগরিক ছিলেন এবং তাদের বয়স প্রায় ২০ বছর।
আঞ্চলিক কর্মকর্তা ক্রিস্টোফ মার্কস জানান, ৮২ জন আরোহী নিয়ে নৌকাটি শনিবার রাত থেকে রোববারের মধ্যে সমুদ্রে যাত্রা শুরু করে। তবে যাত্রার কিছুক্ষণের মধ্যেই নৌকার ইঞ্জিন বিকল হয়ে যায় এবং এটি ভেসে যেতে থাকে।
পরবর্তীতে ১৭ জনকে সমুদ্র থেকে উদ্ধার করে বুলোইন-সুর-মের বন্দরে নেওয়া হয়। বাকি ৬৫ জন আরোহীসহ নৌকাটি পরে নেফশাতেল-হার্দেলোর কাছাকাছি একটি সৈকতে আটকে যায়।
কর্তৃপক্ষ জানায়, নিহত দুই নারীকে নৌকার ভেতরেই মৃত অবস্থায় পাওয়া গেছে। এছাড়া ১৩ জন মাঝারি আঘাতপ্রাপ্ত এবং তিনজন গুরুতর আহত হয়েছেন, যাদের মধ্যে দগ্ধ রোগীও রয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সীমান্ত পুলিশ আহতদের জিজ্ঞাসাবাদ করে এই যাত্রার জন্য দায়ীদের শনাক্ত করার চেষ্টা করবে বলে জানানো হয়েছে।
গত এক মাসের একটু বেশি সময়ে ফ্রান্স-যুক্তরাজ্য সীমান্তে এটি তৃতীয় এমন মর্মান্তিক ঘটনা। চলতি বছরে এখন পর্যন্ত অন্তত ২৯ জন অভিবাসীর মৃত্যু হয়েছে এই রুটে।
অবৈধ অভিবাসন ঠেকাতে সম্প্রতি ফ্রান্স ও যুক্তরাজ্য তিন বছরের একটি নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে, যার আওতায় ফ্রান্স উপকূলে টহল জোরদার করবে এবং যুক্তরাজ্য ব্যয়ের অংশ বাড়াবে।
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


