পাকিস্তানকে কোচিং করানোর ইচ্ছা থাকলেও ‘হট সিটে’ ভয় মুশতাকের

পাকিস্তানকে কোচিং করানোর ইচ্ছা থাকলেও ‘হট সিটে’ ভয় মুশতাকের

পাকিস্তান ক্রিকেট দলের কোচ হওয়ার সুযোগ পেলে নিজের দেশকে কোচিং করাতে চান মুশতাক আহমেদ। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ডের অস্থিরতা এবং হুটহাট সিদ্ধান্ত নেওয়ার সংস্কৃতিই দেশটির কিংবদন্তি লেগস্পিনারকে পিছিয়ে রাখছে। তার ভয়, যে কোনো সময় আবেগী সিদ্ধান্তে চাকরি হারাতে পারেন একজন কোচ।

বিজ্ঞাপন

বর্তমানে বাংলাদেশ জাতীয় দলের স্পিন বোলিং কোচের দায়িত্বে থাকা মুশতাক সম্প্রতি বিবিসির ‘স্টাম্পড’ পডকাস্টে পাকিস্তানের কোচ হওয়ার প্রসঙ্গে খোলামেলা কথা বলেছেন।

মুশতাক বলেন, নিজের দেশকে কোচিং করাতে তিনি অবশ্যই ভালোবাসবেন। তবে পাকিস্তান ক্রিকেটে কোচদের প্রতি যথেষ্ট সম্মান দেখানো হয় না বলে মনে করেন তিনি। সফরের মাঝপথেই যখন কোচ বা কর্মকর্তাদের বরখাস্ত করা হয়, তখন দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে স্বাভাবিকভাবেই আতঙ্ক তৈরি হয়।

তার এই মন্তব্যের পেছনে রয়েছে সাম্প্রতিক পাকিস্তান ক্রিকেটের নাটকীয় পরিস্থিতি। ইংল্যান্ড সফরে সিরিজের মাঝপথেই সাত ক্রিকেটারকে স্কোয়াড থেকে বাদ দিয়েছে পিসিবি। একই সঙ্গে প্রধান কোচ সরফরাজ আহমেদ ও সহকারী কোচ উমর গুলকেও দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

এমন সিদ্ধান্তে ব্যথিত মুশতাক। তার মতে, সফরের মাঝপথে একসঙ্গে এত পরিবর্তন কোনোভাবেই সঠিক সিদ্ধান্ত নয়। সরফরাজ ও উমর গুল পাকিস্তান ক্রিকেটের অভিজ্ঞ দুই নাম এবং দুজনই দেশকে দীর্ঘদিন সেবা দিয়েছেন। তাদের সরাতেই হলে সফর শেষে সিদ্ধান্ত নেওয়া যেত বলে মনে করেন তিনি।

তবে পরিস্থিতি বদলালে পাকিস্তান দলের দায়িত্ব নিতে আগ্রহী মুশতাক। তার বিশ্বাস, সঠিক পরিবেশ ও স্থিতিশীলতা নিশ্চিত করা গেলে আরও অনেক সাবেক পাকিস্তানি ক্রিকেটারও জাতীয় দলের কোচিংয়ে এগিয়ে আসবেন।

পাকিস্তান ক্রিকেটের বর্তমান সংকট কাটাতে পিসিবিকে সাবেক ক্রিকেটারদের নিয়ে পরামর্শক কমিটি গঠনের আহ্বানও জানিয়েছেন ১৯৯২ বিশ্বকাপজয়ী এই তারকা। তার মতে, পেশাদার সিদ্ধান্ত নিতে হলে সঠিক জায়গায় বিশেষজ্ঞদেরই দায়িত্ব দিতে হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন