অভিবাসী সংকটের মধ্যেই স্পেন সীমান্তে কড়াকড়ি আরোপ ইতালির

অভিবাসী সংকটের মধ্যেই স্পেন সীমান্তে কড়াকড়ি আরোপ ইতালির
ছবি: সংগৃহীত।

স্পেনের সিউতা ছিটমহলে বিপুল সংখ্যক অনিয়মিত অভিবাসীর প্রবেশের জেরে স্পেনের সঙ্গে শেনজেন চুক্তি সাময়িকভাবে স্থগিত করেছে ইতালি। একই সঙ্গে দেশটি স্পেনের সঙ্গে আকাশ ও সমুদ্রপথের সীমান্ত নিয়ন্ত্রণও জোরদার করেছে।

ইতালির বার্তা সংস্থা এএনএসএ জানিয়েছে, বৃহস্পতিবার থেকে প্রায় ৫০ হাজার অনিয়মিত অভিবাসী সিউতায় প্রবেশের পর দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি অভিবাসন ও সীমান্ত নিরাপত্তা বিশ্লেষণ কমিটির মূল্যায়নের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেন।

বিজ্ঞাপন

ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ইউরোপের সীমান্ত রক্ষার জন্য শেনজেন চুক্তি সাময়িকভাবে স্থগিত করা একটি ‘প্রয়োজনীয় সিদ্ধান্ত’।

তিনি বলেন, এটি ইউরোপীয় চুক্তির আওতায় অনুমোদিত একটি ব্যবস্থা এবং বর্তমান পরিস্থিতিতে তা অনিবার্য হয়ে উঠেছে।

তাজানি আরো বলেন, সিউতার ঘটনা প্রমাণ করে ইউরোপীয় ইউনিয়নের বহিঃসীমান্ত ব্যবস্থাপনা একটি যৌথ দায়িত্ব। তিনি অনিয়ন্ত্রিত অভিবাসন, সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি এবং সন্ত্রাসবাদের হুমকি মোকাবিলায় সদস্য রাষ্ট্রগুলোর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

অন্যদিকে, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সিউতায় গণহারে অভিবাসীদের প্রবেশকে ‘স্পেনের ভূখণ্ডের ওপর হামলা’ এবং ‘দেশটির আঞ্চলিক অখণ্ডতার লঙ্ঘন’ বলে মন্তব্য করেছেন। তিনি যত দ্রুত সম্ভব পরিস্থিতি স্বাভাবিক করার অঙ্গীকার করেন।

স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সিউতায় প্রবেশ করা প্রায় ৫০ হাজার অভিবাসীর মধ্যে ৪৮ হাজারেরও বেশি ইতোমধ্যে মরক্কোতে ফিরে গেছে।

সূত্র: ইয়েনি শাফাক।

এমএমআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন