তীব্র দাবদাহে পুড়ছে ইতালি, ২৫ শহরে রেড অ্যালার্ট জারি

তীব্র দাবদাহে পুড়ছে ইতালি, ২৫ শহরে রেড অ্যালার্ট জারি
ছবি: সংগৃহীত।

গ্রীষ্ম মৌসুমের চতুর্থ তাপপ্রবাহে পুড়ছে ইতালি। সোমবার দেশটির ২৫টি শহরে সর্বোচ্চ ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে, যা চলতি গ্রীষ্মে সর্বোচ্চ সংখ্যক শহরে একসঙ্গে জারি হওয়া তাপপ্রবাহ সতর্কতা।

ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয় রোববারের ২৩টি শহর থেকে সতর্কতার সংখ্যা বাড়িয়ে সোমবার ২৫টিতে উন্নীত করেছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম কোরিয়েরে দেলা সেরা।

বিজ্ঞাপন

রেড অ্যালার্টের বাইরে রয়েছে শুধু রেজ্জিও কালাব্রিয়া ও মেসিনা। তবে এই দুই শহরেও ‘ইয়েলো অ্যালার্ট’ বহাল রয়েছে।

দেশটির পো উপত্যকা এবং মধ্যাঞ্চল সবচেয়ে বেশি তাপপ্রবাহে আক্রান্ত। এছাড়া অভ্যন্তরীণ অঞ্চল ও সার্ডিনিয়া দ্বীপেও তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে। মধ্য ও উত্তর ইতালির কিছু এলাকায় রাতের তাপমাত্রাও ২৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে থাকবে, যাকে আবহাওয়াবিদরা ‘সুপার-ট্রপিক্যাল নাইট’ হিসেবে উল্লেখ করছেন।

রোববার মধ্য ইতালির টের্নি প্রদেশে তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়।

বিশেষজ্ঞদের মতে, আফ্রিকান অ্যান্টিসাইক্লোনের প্রভাব এবং ভূমধ্যসাগরের পানির অস্বাভাবিক উষ্ণতা এই তীব্র দাবদাহের প্রধান কারণ। বর্তমানে ভূমধ্যসাগরের বিস্তীর্ণ এলাকায় সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস বা তারও বেশি।

আবহাওয়াবিষয়ক ওয়েবসাইট iLMeteo.it-এর আবহাওয়াবিদ লরেঞ্জো তেদিচি বলেন, অতিরিক্ত তাপ বায়ুমণ্ডলে অস্থিতিশীলতা সৃষ্টি করবে, যার ফলে আল্পস ও অ্যাপেনাইন পর্বতমালাজুড়ে বিকেলের দিকে শক্তিশালী বজ্রঝড় হতে পারে।

এদিকে ইতালির সিভিল প্রোটেকশন বিভাগ উমব্রিয়া থেকে কালাব্রিয়া পর্যন্ত অ্যাপেনাইন অঞ্চল এবং সিসিলির অভ্যন্তরীণ এলাকায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কায় ‘ইয়েলো অ্যালার্ট’ জারি করেছে।

লরেঞ্জো তেদিচি আরও বলেন, ‘২০২৬ সালের গ্রীষ্মের সবচেয়ে তীব্র তাপপ্রবাহ থেকে প্রকৃত স্বস্তি পেতে অন্তত আগস্টের মাঝামাঝি পর্যন্ত অপেক্ষা করতে হবে।’

দাবদাহের পাশাপাশি দাবানলের ঝুঁকিও বেড়েছে। এ কারণে সিসিলি ও এমিলিয়া-রোমানিয়া অঞ্চলে ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি করেছে কর্তৃপক্ষ।

এমএমআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন