জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গান ও ধ্রুপদী শাস্ত্রীয় সংগীতের নান্দনিক সৃষ্টিশীলতাকে তুলে ধরতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে অনুষ্ঠিত হলো বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান ‘বেণুকা’।
২৩ আগস্ট, সন্ধ্যায় একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এই আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি। তিনি তার বক্তব্যে বলেন, ‘সংস্কৃতিকে সর্বোচ্চ মর্যাদা দিয়ে আমাদের বৈচিত্র্যকে ঐক্যবদ্ধ করা এবং সারা বিশ্বের বুকে দেশের পরিচয়কে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য।’
স্বাগত বক্তব্য প্রদান করেন একাডেমির মহাপরিচালক কবি শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন)। এ সময় তিনি ১০০ জন বংশীবাদককে নিয়ে নজরুলের গান ও সুর পরিবেশনসহ ভবিষ্যৎ নানা উদ্যোগের কথা জানান। অনুষ্ঠানটিতে ধন্যবাদ জ্ঞাপন করেন একাডেমির সচিব মোহাম্মদ জাকির হোসেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল নজরুলের রাগাশ্রয়ী গানের মনমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা। একক সংগীত পরিবেশন করেন প্রিয়াংকা গোপ, নাদিয়া আরেফীন শাওন, মুন্নী কাদের, অলোক কুমার সেন, শহীদ কবির পলাশ, ইয়াকুব আলী খান, ড. নাসিদ কামাল, ফাতেমা তুজ জোহরা, মোনালীন আজাদ, ইয়াসমিন মুশতারী, নাহিদ মোমেন, বিজন মিস্ত্রী ও মৃদুলা সমদ্দার।
এছাড়াও এস এম হাসান ইশতিয়াক ইমরানের পরিচালনায় কাথ্যাকিয়া দা সেন্টার অফ আর্টস পরিবেশন করে সমবেত নৃত্য ‘পায়েলা বোলে রিনিঝিনি’। ফারহানা চৌধুরী বেবীর পরিচালনায় ‘বন-কুন্তল এলায়ে’ এবং জাহিদুল ইসলাম সানির পরিচালনায় ‘রুম ঝুম রুম ঝুমঝুম ঘণ দেয়া বরষে’ পরিবেশন করেন নৃত্যশিল্পীবৃন্দ। অনুষ্ঠানে একক নৃত্য পরিবেশন করেন প্রখ্যাত নৃত্যশিল্পী মুনমুন আহমেদ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

