আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

এপস্টেইন কেলেঙ্কারিতে ফরাসি নাগরিকদের সম্পৃক্ততা তদন্তে বিশেষ কমিটি গঠন

আমার দেশ অনলাইন

এপস্টেইন কেলেঙ্কারিতে ফরাসি নাগরিকদের সম্পৃক্ততা তদন্তে বিশেষ কমিটি গঠন

প্যারিসের প্রসিকিউটর দপ্তর ঘোষণা দিয়েছে, যুক্তরাষ্ট্রের দণ্ডিত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইন-সংক্রান্ত মামলায় ফরাসি নাগরিকদের সম্ভাব্য সম্পৃক্ততা যাচাই করার জন্য বিশেষ ম্যাজিস্ট্রেট দল গঠন করা হয়েছে।

বিজ্ঞাপন

প্যারিস থেকে এএফপি জানিয়েছে, এ উদ্যোগ নেওয়া হয়েছে এপস্টেইনের পরিচিতদের তালিকায় কয়েকজন বিশিষ্ট ফরাসি ব্যক্তির নাম উঠে আসার পর। নতুন দল জাতীয় আর্থিক অপরাধ ইউনিটের প্রসিকিউটর ও পুলিশের সঙ্গে কাজ করবে, যাতে সন্দেহভাজন ফরাসি নাগরিকদের বিরুদ্ধে তদন্ত শুরু করা যায়।

দপ্তর জানায়, তারা জ্যাঁ-লুক ব্রুনেল সম্পর্কিত মামলাও পুনর্বিবেচনা করবে। ব্রুনেল, যিনি ২০২২ সালে হেফাজতে মারা যান, এর আগে অপ্রাপ্তবয়স্কদের ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ছিলেন। তদন্তে দেখা গেছে, ব্রুনেল এপস্টেইনের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন এবং দরিদ্র তরুণীদের মডেলিং কাজের প্রলোভন দেখিয়ে যৌন কর্মকাণ্ডে জড়িত ছিলেন। অন্তত ১০ জন নারী তার বিরুদ্ধে অভিযোগ করেছেন।

এছাড়া, ফরাসি কূটনীতিক ফাব্রিস আইদান, মডেলিং এজেন্ট এবং সঙ্গীত পরিচালকসহ কয়েকজনের বিরুদ্ধে নতুন অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

এপস্টেইন-সংক্রান্ত নথি প্রকাশের পর সাবেক ফরাসি মন্ত্রী জ্যাক ল্যাং পদত্যাগ করেছেন। তিনি অভিযোগ অস্বীকার করে বলেছেন, নথিতে তার নাম থাকা তাকে ‘স্তম্ভিত’ করেছে এবং তার বিরুদ্ধে ‘মিথ্যার সুনামি’ চালানো হচ্ছে। জাতীয় আর্থিক প্রসিকিউটর তার ও তার মেয়ে ক্যারোলিন ল্যাংয়ের বিরুদ্ধে কর ফাঁকি ও অর্থ পাচারের প্রাথমিক তদন্ত শুরু করেছেন।

এপস্টেইনকে ২০১৯ সালে যুক্তরাষ্ট্রে কারাগারে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল; কর্তৃপক্ষ তার মৃত্যু আত্মহত্যা হিসেবে চিহ্নিত করেছে।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন